ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলাকে বৈধ আত্মরক্ষা আখ্যা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ দাবি করেছেন, ‘আমাদের পদক্ষেপ আত্মরক্ষার এক বৈধ কৌশল ছিল।’
বুধবার ভোররাতে ইরাকে দুটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর ইরান দাবি করে, অন্তত ৮০ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের তরফে হামলার কথা স্বীকার করা হলেও কোনও সেনা হতাহতের ব্যাপারটি নিশ্চিত করা হয়নি। তারা এ বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, হতাহতের প্রশ্নে যুক্তরাষ্ট্রের কল্পনাপ্রসূত কোনও হিসাব দেওয়া উচিত হবে না।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে কুদস বাহিনীর প্রধান কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালিয়েছে আইআরজিসি।








