মধ্যপ্রাচ্যে জেঁকে বসা যুক্তরাষ্ট্রের পা কেটে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। বুধবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এই হুমকি দিয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে কুদস বাহিনীর প্রধান কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে বুধবার প্রথম প্রহরে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসি।
হামলার প্রতিক্রিয়ায় মন্ত্রিসভার বৈঠকে রুহানি বলেন, যুক্তরাষ্ট্র হয়তো সোলেমানিকে হত্যা করে আমাদের হাত কেটে দিয়েছে। কিন্তু জবাবে এই অঞ্চল থেকে তাদের পা কেটে ফেলা হবে।
বুধবার ভোররাতে ইরাকে দুটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রও হামলার কথা স্বীকার করেছে।








