ইরান ইসরায়েলে হামলা চালালে জবাবে ‘ভয়াবহ আঘাতের’ হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তেহরান দেশটিতে হামলার হুমকি দেওয়ার পর বুধবার (৮ জানুয়ারি) জেরুজালেম কনফারেন্সে পাল্টা হামলার ওই হুঁশিয়ারি দিলেন তিনি।
মার্কিন বাহিনী ইরানের মাটিতে কোনও প্রতিশোধমূলক হামলা চালালে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতে হামলার হুমকি দিয়েছে ইরান। ৩ জানুয়ারি মার্কিন হামলায় ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। সোলাইমানি হত্যার প্রতিশোধের অংশ হিসেবে ইরাকে যুক্তরাষ্ট্রের দুই সামরিক ঘাঁটিতে এক ডজনেরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে যুক্তরাষ্ট্রের ৮০ সেনা নিহতের পাশাপাশি ২০০ সেনা আহত হয়েছে বলে দাবি করেছে তেহরান।
কাসেম সোলাইমানিকে ‘সন্ত্রাসীদের প্রধান’ আখ্যা দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘যদি ইরান আমার দেশে হামলা চালায় তাহলে পাল্টা হামলা চালাবে তেল আবিব। আর পাল্টা হামলা হবে আরও শক্তিশালী ও ভয়াবহ।’
এর আগে কাসেম সোলাইমানিকে হত্যার পর ওই মার্কিন হামলায় সমর্থনের কথা জানিয়েছিলেন নেতানিয়াহু।








