ভুল করে ইউক্রেনের বিমান বিধ্বস্তের কথা স্বীকারের পর ইরানের আকাশসীমায় বিমান চলাচলে সতর্কতা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় দেশগুলোর এই জোট জানায়, ইরানের ওপর দিয়ে বিমান চলাচল না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
গত ৮ জানুয়ারি (বুধবার) সকালে তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশে উড্ডয়নের পরপরই ১৮০ যাত্রীসহ বোয়িং ৭৩৭ বিমানটি বিধ্বস্ত হয়। গত বুধবার মার্কিন সংবাদমাধ্যম নিউজ উইক দাবি করে, বিমানটি ভুল করে ভূপাতিত করেছে ইরান। সে সময় ইরানের পক্ষ থেকে ওই অভিযোগ অস্বীকার করা হলেও পরে বিমান ভূপাতিত করার কথা স্বীকার করে তেহরান।
এরপর থেকেই ইরানের সমালোচনা করছে সবাই। ইউক্রেন ইরানের শাস্তি চেয়েছে। এবার ইউরোপীয় বিমান চলাচল নিরাপত্তা সংস্থা জানালো, তারা তেহরানের স্বীকারোক্তির পর বাণিজ্যিক বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবছে।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, `প্রাপ্ত তথ্য অনুযায়ী এবং বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাথমিকভাবে ইরানের আকাশ সীমায় সব বিমান চলাচল এড়ানো উচিত।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এখনকার পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। আগামী সপ্তাহের শুরুর দিকে ইউরোপীয় কমিশন ও ই্ইউ সদস্যরা নতুন ঘোষণা দিবে।
এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি এই পরিস্থিতি যেন না আসে সেটা নিশ্চিতে সশস্ত্র বাহিনীকে নির্দেশনা দিয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ও ইরানকে এই ঘটনার পূর্ণ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে।








