তালেবানকে আফগানিস্তানে সহিংসতা কমানোর সুস্পষ্ট প্রমাণ দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার উজবেকিস্তানে এক সংবাদ সম্মেলনে নিয়ে কথা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তার ভাষায়, ‘ওয়াশিংটনের সঙ্গে চুক্তি স্বাক্ষরের আগে তালেবানকে সহিংসতা কমানোর সুস্পষ্ট প্রমাণ দিতে হবে। চুক্তি সাক্ষরিত হলে তা শান্তি আলোচনার দিকে এগিয়ে যাবে এবং দেশটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করা হবে।
মাইক পম্পেও বলেন, একটি চুক্তি হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু তারা আগেও চুক্তির কাছাকাছি ছিল এবং ব্যর্থ হয়েছে। কারণ তালেবান শান্তি প্রতিষ্ঠায় তাদের সদিচ্ছা প্রমাণে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, আমরা একটি শান্তি ও পুনর্মিলনের পরিকল্পনা নিয়ে কাজ করছি।
মাইক পম্পেও এমন সময়ে এসব কথা বললেন যার মাত্র দুই দিন আগেই যুক্তরাষ্ট্রের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত জাল্মে খলিলজাদ কাবুলে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তালেবানের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে জানান খলিলজাদ।
সহিংসতার মাত্রা কমিয়ে তালেবানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে অবশ্য আশাবাদ ব্যক্ত করেছেন জাল্মে খলিলজাদ।
দীর্ঘ ১৮ বছরের যুদ্ধ অবসানের লক্ষ্যে ২০১৮ সালের জুন থেকে দোহায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা শুরু করে তালেবান। ২০১৯ সালের সেপ্টেম্বরে উভয় পক্ষের আলোচকরা একটি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছানোর কথা বললেও পরে তা বাতিল করে দেন ট্রাম্প।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাসী হামলার পর থেকে আফগানিস্তানে ১৩ হাজার মার্কিন সেনা অবস্থান করছে। তালেবান চায়, দেশটি থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করা হোক। আর যুক্তরাষ্ট্র চায়, সেখানে তাদের সেনা ও মিত্রদের নিরাপত্তা। সূত্র: ভয়েস অব আমেরিকা।








