যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণঘাতী করোনা ভাইরাসে নতুন করে আরও দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা তাদের মৃত্যুর কথা নিশ্চিত করেন। এ নিয়ে দেশটিতে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৭-তে দাঁড়িয়েছে। এর আগে ওয়াশিংটন ও ক্যালিফোর্নিয়ায় এ ভাইরাসে ১৫ জনের মৃত্যু হয়। দেশজুড়ে আক্রান্তের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস।
শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রের আরও আটটি অঙ্গরাজ্যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। এগুলো হলো-সাউথ ক্যারোলাইনা, হাওয়াই, ইন্ডিয়ানা, ওকলাহোমা, নেব্রাস্কা, কেনটাকি, মিনেসোটা ও পেনসিলভানিয়া। এ নিয়ে দেশটির ৫০টি অঙ্গরাজ্যের প্রায় অর্ধেকেই এ ভাইরাস সংক্রমিত হয়েছে।
সান ফ্রান্সিসকো উপকূলে প্রমোদতরী গ্র্যান্ড প্রিন্সেস থেকে আরও ২১ জনকে করোনা ভাইরাসে সংক্রমিত রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। প্রমোদতরীটিতে দুই হাজার ৪০০ যাত্রী এবং এক হাজার ১০০ ক্রু রয়েছেন। একটি অজ্ঞাত বন্দরে জাহাজটি ভেড়ানোর পর এসব মানুষকে আরেক দফা করোনাভাইরাসের পরীক্ষা করা হবে।
এদিকে দেশজুড়ে করোনা ভাইরাস আতঙ্কের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আরেকটি পেশাতেও তিনি উন্নতি করতে পারতেন। আর তা হলো চিকিৎসা বিজ্ঞান। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে হিমশিম খাওয়া চিকিৎসক ও বিজ্ঞানীদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। এমআইটি-তে পড়াশোনা করা নিজের অসাধারণ প্রতিভাধর চাচা-র কথা তুলে ধরে ট্রাম্প দাবি করেন, হয়তো তাদের পরিবারের জিনেই চিকিৎসা বিজ্ঞানে ভালো করার দিকটি রয়েছে।
ট্রাম্প বলেন, আমি এসব বুজতে পারি দেখে মানুষ সত্যি অবাক হয়। এই চিকিৎসকদের সবাই বলেছেন, আপনি কীভাবে এতো কিছু জানেন? হয়ত আমার বংশগত সক্ষমতা রয়েছে।
২০২০ সালের মার্কিন নির্বাচনের প্রচারণায় ট্রেডমার্ক হয়ে ওঠা ‘কিপ আমেরিকা গ্রেট’ ক্যাপ পরে ট্রাম্প বারবার চিকিৎসা বিশেষজ্ঞদের নিয়ে সমালোচনা করেন। সংবাদ সম্মেলনে তার পাশে বসা চিকিৎসা বিশেষজ্ঞদের থামিয়ে দেন তিনি। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ধীর গতিতে করোনা ভাইরাস পরীক্ষার যন্ত্রপাতি সরবরাহের অভিযোগ উঠলেও তিনি দাবি করেছেন, এ যন্ত্রপাতিগুলো সুন্দর ও যথাযথ।
সিডিসি’র পরিচালক রবার্ট রেডফিল্ড জানান, ৭৫ হাজার ভাইরাস শনাক্তের সরঞ্জাম পাঠানো হয়েছে। এ সময় ট্রাম্প তাকে থামিয়ে বলা শুরু করেন, শেষ কথা হলো, যিনি পরীক্ষা করাতে চান, তিনি পরীক্ষা করাতে পারবেন।
সংবাদ সম্মেলনে ট্রাম্প যখন বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছিলেন এক পর্যায়ে এক নারী সাংবাদিক হেসে ওঠেন। তখন বিরক্ত হয়ে ট্রাম্প জিজ্ঞেস, আমি যখন এটি বলছিলাম আপনি হাসছিলেন? আপনি কোন প্রতিষ্ঠানের? জবাবে ওই সাংবাদিক সিএনএন বললে ট্রাম্প বলেন, আমি সিএনএন দেখি না। তাই আপনাকে চিনতে পারিনি। সিএনএন দেখি না কারণ এটি হচ্ছে ফেক নিউজ।








