সৌদি নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী মুসলিম দেশগুলোর জোটে নাম থাকার প্রশ্নে প্রাথমিকভাবে বিস্ময় প্রকাশের পর অবশেষে জোটে থাকার কথা নিশ্চিত করলো পাকিস্তান। তবে সৌদি আরবের তরফে জোটের কার্যক্রমের বিস্তারিত প্রকাশের পরই পাকিস্তানের ভূমিকা কী হবে, তা জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে। বুধবার পাকিস্তানি পররাষ্ট্র দফতরের তরফে দেয়া এক বিবৃতির বরাতে খবরটি জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।
বিবৃতিতে বলা হয়, ‘জোটে অংশ নেওয়ার পর নিজেদের ভূমিকা কী হতে পারে তার জন্য সিদ্ধান্ত নিতে আরও বিস্তারিত জানার অপেক্ষায় রয়েছে পাকিস্তান।'
সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলে মঙ্গলবার ৩৪টি মুসলিম দেশ নিয়ে একটি নতুন সামরিক জোট গঠনের ঘোষণা দেয় সৌদি আরব। শুরুতে জোটে নাম থাকার ব্যাপারে বিস্ময় প্রকাশ করে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র দফতরের জ্যেষ্ঠ্য কর্মকর্তারা দাবি করেন, জোটে যোগ দেওয়ার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে তারা মত দেননি। একইরকমের দাবি ওঠে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার তরফেও। আর তাতে নবঘোষিত জোটের কার্যক্রম এবং সাফল্য নিয়ে শুরুতেই প্রশ্ন ওঠে।
প্রাথমিকভাবে, পাকিস্তানের পররাষ্ট্র সচিব আইজাজ চৌধুরী বলেন, সৌদি সামরিক জোটে নিজেদের অন্তর্ভুক্তির ঘোষণা শুনে তিনি বিস্মিত হয়েছেন। একই সঙ্গে রিয়াদে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতের কাছে এ বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে বলেও জানানো হয়। পরে গুঞ্জন ওঠে যে পররাষ্ট্র দফতরকে না জানিয়েই পাকিস্তানের অন্য কোন দফতর থেকে সৌদি আরবকে জোটে অংশগ্রহণের ব্যাপারে নিশ্চিত করা হয়েছে। তবে কারা এ নিশ্চয়তা দিয়েছে তা জানা যায়নি।
বুধবারই পররাষ্ট্র দফতরের বিবৃতিতে, সৌদি জোটে অংশ নেওয়ার ব্যাপারে প্রশ্ন তুলে যে লজ্জা তৈরি হয়েছে তা খানিকটা চাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে উল্লেখ করেছে ডন। পররাষ্ট্র দফতর জানায়, ইসলামী দেশগুলোর সমন্বয়বিষয়ক জোট ওআইসি’র ৪২ তম অধিবেশনে নেওয়া সন্ত্রাসবিরোধী লড়াইয়ের ডাক ও প্রস্তাবকে সমর্থন করে পাকিস্তান। তবে তারা তাদের ভূমিকা নির্ধারণের জন্য বিস্তারিত জানার অপেক্ষায় আছে। সূত্র: ডন
/এফইউ/বিএ/








