ইসরায়েলের প্রত্নতাত্ত্বিকরা ২৭ হাজার বছরের পুরানো একখণ্ড মাটির সিলমোহর খুঁজে পেয়েছেন। সিলমোহরটি বাইবেলে বর্ণিত প্রাচীন জুডাহ রাজা হেজেকিয়ার বলে ধারণা করা হচ্ছে।
ডিম্বাকৃতির মোহরটিতে পাখা লাগানো একটি সূর্যের ছবির সঙ্গে প্রাচীন হিব্রু লিপিতে লেখা রয়েছে ‘রাজা আজাহের পুত্র হেজেকিয়ার মালিকানাধীন’। এটি রাজা হেজেকিয়ার স্বাক্ষরিত কোন দলিলে সাঁটা ছিল বলে ধারণা করছেন পুরাতত্ত্ববিদরা। কোন অভিজাত ভবন থেকে আবর্জনার সঙ্গে ফেলে দেওয়া হয় মোহরটি।
হিব্রু ইউনিভার্সিটি অব জেরুজালেমের এইলাত মাজার বলেন, “সে সময় প্যাপিরাসে লেখা নথিগুলো মুড়িয়ে চিকন সুতো দিয়ে বেঁধে রাখা হতো। তার ওপর সিলমোহর দিয়ে নামাঙ্কিত করার রেওয়াজ ছিল।”
বিশ্ববিদ্যালয় সূত্রে প্রকাশ, মোহরটি ২০০৯ সালে খুঁজে পাওয়া গেলেও এর উৎস সম্পর্কে নিশ্চিত হওয়ার পরই এ তথ্য প্রকাশ করা হয়।
বাইবেলের বর্ণনা অনুযায়ী, খ্রিস্টপূর্ব ৭২৭ থেকে খ্রিস্টপূর্ব ৬৯৮ সময়কালে জুডাহ শাসন করেন রাজা হেজেকিয়াহ। অ্যাসিরিয়ান রাজাদের বংশতালিকায়ও এই তথ্য পাওয়া যায়। সূত্র: বিবিসি
/ইউআর/বিএ/








