যুক্তরাজ্যের রিডিং শহরের একটি পার্কে দুর্বৃত্তের ছুরিকাঘাতে তিনজন নিহত হয়েছে। ওই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও তিনজন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এরইমধ্যে হামলাকারী সন্দেহে ২৫ বছর বয়সী এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। তবে একে ‘সন্ত্রাসবাদী হামলা’ হিসেবে দেখছে না তারা।
বিবিসি জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে শহরটির ফোরবুরি পার্কে এ হামলা হয়। এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানিয়েছেন, শনিবার এক ব্যক্তি পার্কে দলে দলে হাঁটতে থাকা মানুষের সঙ্গে মিশে যায় এবং তাদেরকে ছুরিকাঘাত করতে থাকে। হামলাকারী তার দিকেও ছুটে আসছিলো বলে জানিয়েছেন ওই প্রত্যক্ষদর্শী।
সানডে মিররের প্রতিবেদনে বলা হয়েছে, এক পুলিশ কর্মকর্তা সন্দেহভাজনকে আঁকড়ে ধরে মাটিতে ফেলে দিয়ে তাকে নিয়ন্ত্রণে আনেন। একে সন্ত্রাসবাদী হামলা হিসেবে বিবেচনা না করা হলেও সন্ত্রাসবাদবিরোধী কর্মকর্তাদের ঘটনাস্থলে ডাকা হয়েছে।
নিরাপত্তা সূত্র বিবিসিকে জানিয়েছে, যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে সে লিবীয় নাগরিক বলে ধারণা করা হচ্ছে। ছোটখাটো অপরাধ সংঘটনের অভিযোগে এর আগেও যুক্তরাজ্যে কারাদণ্ড ভোগ করতে হয়েছে তাকে।








