ক্যালিফোর্নিয়ায় হামলাকারীদের সঙ্গে জঙ্গিদের সংশ্লিষ্টতার কথা উঠে এসেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে। নিউ ইয়র্ক টাইমস-এর খবরে বলা হয়, এফবিআই ঘটনাটিকে জঙ্গিবাদী কার্যক্রম হিসেবেই দেখছে। সিএনএন-এর খবরেও সাঈদ ফারুকের সঙ্গে জঙ্গিদের সংশ্লিষ্টতার কথা বলা হয়েছে। আর বার্তা সংস্থা এপি জানিয়েছে, ফেসবুকে চরমপন্থীদের সঙ্গে যোগাযোগ ছিল ফারুকের।
প্রতিবন্ধী সেবাকেন্দ্রের পার্টিতে নির্বিচারে গুলি চালিয়ে ১৪ জনকে হত্যায় সন্দেহভাজন সৈয়দ রিজওয়ান ফারুক (২৮) ও তাশফিন মালিক (২৭) দম্পতির বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক, অস্ত্র ও গুলি পাওয়ার পর তাদের উদ্দেশ্য অনুসন্ধান করছে কর্তৃপক্ষ। এই দম্পতির সঙ্গে ইসলামি জঙ্গিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।








