ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠায় রাজি সৌদি আরব, শর্ত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা

বিদেশ ডেস্ক
২১ আগস্ট ২০২০, ১৮:১১আপডেট : ২২ আগস্ট ২০২০, ০৮:৩৯

সৌদি আরবের রাজপরিবারের এক সিনিয়র সদস্য বলেছেন, তার দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার মূল্য হবে জেরুজালেমকে রাজধানী করে সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা। শুক্রবার (২১ আগস্ট) সৌদি সংবাদপত্র আশরাক আল-আওসাত’-এ লেখা এক নিবন্ধে রাজপুত্র তুর্কি আল ফয়সাল বলেছেন, কোনও আরব রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হলে ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে। আর সৌদি আরবের সঙ্গে এ ধরনের কোনও উদ্যোগ নিতে চাইলে প্রয়াত বাদশাহ আবদুল্লাহ প্রণীত উদ্যোগ বাস্তবায়ন করতে হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ওয়াশিংটনে এক সময় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন সৌদি রাজপুত্র তুর্কি আল ফয়সাল

প্রথম উপসাগরীয় এবং তৃতীয় আরব দেশ হিসেবে গত ১৩ আগস্ট যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত। ওই চুক্তিতে সৌদি আরবও যোগ দেবে বলে গত বুধবার (১৯ আগস্ট) আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই চুক্তি নিয়ে কয়েক দিন নীরবতার পর বৃহস্পতিবার (২০ আগস্ট) সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানিয়ে দেন, ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার আগে তার দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনও চুক্তিতে স্বাক্ষর করবে না। আর শুক্রবার পত্রিকায় নিবন্ধ প্রকাশ করে এই বিষয়ে সৌদি আরবের অবস্থান স্পষ্ট করেন রাজপুত্র তুর্কি আল ফয়সাল আল সৌদ।

রাজপুত্র তুর্কি আল ফয়সাল আল সৌদ একসময়ে সৌদি আরবের গোয়েন্দা প্রধান হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি সৌদি আরবের কিং ফয়সাল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইসলামিক স্টাডিজের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন। শুক্রবার আশরাক আল-আওসাত সংবাদপত্রে লেখা এক নিবন্ধে তিনি লেখেন, ‘যেসব আরব রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতকে অনুসরণের কথা বিবেচনা করছে তাদের ইসরায়েলের কাছ থেকে পাল্টা মূল্য দাবি করা উচিত আর তা হওয়া উচিত চড়ামূল্য।’

তুর্কি আল ফয়সাল লেখেন, ‘ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে চূড়ান্ত শান্তি প্রতিষ্ঠার একটি মূল্য নির্ধারণ করেছে সৌদি আরব। আর তা হলো প্রয়াত বাদশাহ আবদুল্লাহর উদ্যোগ অনুসরণ করে জেরুজালেমকে রাজধানী করে সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা।’ ২০০২ সালে আরব লীগের মাধ্যমে ওই পরিকল্পনা ঘোষণা করা হয়। এতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের পর দখল করা পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেমের সব এলাকা থেকে ইসরায়েলি দখল অপসারণ এবং সেখানে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়। তবে ইসরায়েল এই প্রস্তাব বাস্তবায়নের পক্ষে কোনও উদ্যোগই নেয়নি।

তারপরও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে আমিরাতের সিদ্ধান্ত নিয়ে বোঝাপড়ার পক্ষে কথা বলেন সৌদি রাজপুত্র তুর্কি আল ফয়সাল। তিনি মনে করেন, এই চুক্তির মধ্য দিয়ে রিয়াদের ঘনিষ্ঠ মিত্র আমিরাত অন্তত একটি মূল শর্ত নিশ্চিত করতে পেরেছে- আর তা হলো এর মাধ্যমে দখল সম্প্রসারণ পরিকল্পনা স্থগিত করেছে ইসরায়েল।

উল্লেখ্য, ওয়াশিংটনে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত রাজপুত্র তুর্কি আল ফয়সাল আল সৌদ বর্তমানে সৌদি আরবের কোনও সরকারি দায়িত্বে নেই। তারপরও আরবের কিং ফয়সাল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইসলামিক সেন্টারের চেয়ারপারসন হিসেবে সরকারি সিদ্ধান্তে যথেষ্ট প্রভাব রাখেন সাবেক এই গোয়েন্দা প্রধান।

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম