চীনা প্রতিষ্ঠানের ওপর চাপ অব্যাহত রাখায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আশ্বস্ত করতে এগিয়ে এসেছে অনলাইনে খুচরা বিক্রির প্রতিষ্ঠান আলিবাবা। চীনভিত্তিক কোম্পানিটির প্রধান নির্বাহী ড্যানিয়েল ঝাং বলেছেন, তাদের কোম্পানির নীতি আমেরিকান ব্রান্ড, খুচরা বিক্রেতা, ক্ষুদ্র ব্যবসা ও কৃষকদের সমর্থন করে। বিনিয়োগকারীদের তিনি জানান, গত তিন মাসে কোম্পানিটি প্রত্যাশার চেয়ে বেশি পরিমাণ বিক্রি করতে পেরেছে। মার্কিন নীতি পরিবর্তনের ওপর খেয়াল রাখা হচ্ছে বলেও জানান তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ইস্যুতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি হয়েছে। এর জেরে কয়েক দিন আগেই চীনের ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক এবং মেসেজিং প্ল্যাটফর্ম উইচ্যাটকে লক্ষ্যবস্তু বানিয়ে দুটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া এই মাসের শুরুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আমেরিকান প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে চীনা কোম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান জানান। ট্রাম্প প্রশাসনের কথিত ক্লিন নেটওয়ার্ক কর্মসূচির আওতায় চীনের মালিকানাধীন আলিবাবা, টেনসেন্ট, বাইদু’র মতো কোম্পানিগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান তিনি।
এমন প্রেক্ষাপটে চীনা কোম্পানিটির প্রধান নির্বাহী ড্যানিয়েল ঝাং বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন, ‘আলিবাবার বাণিজ্যিক মূল উদ্দেশ্যই হলো আমেরিকার ব্রান্ড, খুচরা বিক্রেতা, ক্ষুদ্র ব্যবসা এবং কৃষকদের পণ্য ভোক্তা এবং চীনসহ সারা বিশ্বের মূল বাজারগুলোতে পৌঁছে দিতে সমর্থন দেওয়া।’ তিনি বলেন, আমরা চীনা প্রতিষ্ঠানগুলোর প্রতি মার্কিন সরকারের সাম্প্রতিক নীতি পরিবর্তনের প্রতি নিবিড় মনোযোগ রাখছি। বর্তমানে এই নীতি খুবই নড়বড়ে অবস্থায় রয়েছে। আমরা পরিস্থিতি এবং সম্ভাব্য প্রভাব সতর্কতার সঙ্গে এবং পূর্ণাঙ্গভাবে মূল্যায়ন করছি। আর কোনও নতুন নিয়ম করা হলে তার সঙ্গে মানিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চীনের হানঝাওভিত্তিক কোম্পানিটির প্রধান নির্বাহী জানান, জুন মাস পর্যন্ত আগের তিন মাসে আলিবাবার বিক্রির পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ বেড়েছে। এই বছর আলিবাবার শেয়ারের দাম ২০ শতাংশ বেড়েছে। করোনাভাইরাস মহামারির মধ্যে সারা বিশ্বের বিনিয়োগকারীরা কোম্পানিটিতে বিনিয়োগকে লাভজনক বিবেচনা করায় এর শেয়ারের দাম বেড়েছে বলে মনে করা হচ্ছে।








