আজ (সোমবার) থেকে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্যিক ফ্লাইট চলাচল শুরু হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি ও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, তেল আবিবের স্থানীয় সময় সকাল ১১টা ১৩ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর দুইটা ১৩) এল আল-এর ফ্লাইটটি আবুধাবিতে রওনা হয়েছে। আবুধাবির স্থানীয় সময় দুপুর তিনটা ৪৩-এ এটির পৌঁছানোর কথা৷
১৯৭৯ সালে মিসর ও ১৯৯৪ সালে জর্ডানের পর তৃতীয় আরব রাষ্ট্র হিসেবে গত ১৩ আগস্ট যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত। দুই দেশের টেলিফোন যোগাযোগ সচল করার পাশাপাশি নিয়মিত বিমান চলাচল চালুর ঘোষণা দেওয়া হয়।
সোমবারের প্রথম এই ফ্লাইটে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিইর বেন শাবাত ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঊর্ধ্বতন উপদেষ্টা ও জামাতা জারেড কুশনার ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও'ব্রায়ান আছেন। তারা সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ওয়াশিংটনে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের জন্য একটি দিন ঠিক করবেন।
ঐতিহাসিক এই ফ্লাইটের নম্বর দেয়া হয়েছে এল আল ৯৭১৷ এল আল ইসরায়েলের জাতীয় বিমান সংস্থা। আর ৯৭১ আরব আমিরাতের আন্তর্জাতিক ডায়াল কোড। ফিরতি ফ্লাইটের নম্বর এল আল ৯৭২৷ ৯৭২ ইসরায়েলের আন্তর্জাতিক ডায়াল কোড। মঙ্গলবার সকালে ফিরতি ফ্লাইটটি রওনা হওয়ার কথা।
ট্রাম্প প্রশাসন চেষ্টা করছে ইরান নিয়ে উদ্বিগ্ন সুন্নি আরব রাষ্ট্রগুলোকে ইসরায়েলের দিকে ঝুঁকানোর। তবে এসব রাষ্ট্রের মধ্যে সবচেয়ে শক্তিশালী সৌদি আরব বলেছে, তারা এর জন্য এখনও প্রস্তুত নয়। অবশ্য ইসরায়েল ও আমিরাতের মধ্যে প্রথম বাণিজ্যিক ফ্লাইটকে সৌদি আরবের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে বলে জানা গেছে। তবে এল আল বিমান সংস্থার কর্মকর্তা ও বিমানবন্দর কর্তৃপক্ষ এই খবর নিশ্চিত করেনি।








