তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, তার দেশের ওপর যে অনৈতিক মানচিত্র চাপিয়ে দেওয়া হয়েছে সেটি ছিঁড়ে ফেলার ক্ষমতা আঙ্কারার রয়েছে। দৃশ্যত ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান নিয়ে গ্রিসের সঙ্গে সৃষ্ট উত্তেজনার জেরে এমন হুঁশিয়ারি উচ্চারণ করলেন তিনি।
শনিবার গজটেপ শহরে এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে এ নিয়ে কথা বলেন এরদোয়ান। তিনি বলেন, আঙ্কারার বিরুদ্ধে যে জোট তৈরি হয়েছে, তুরস্কের ক্ষমতা সম্পর্কে তাদের জানা আছে।
এরদোয়ান বলেন, রাজনীতি ও কূটনীতির ভাষা না বুঝলে গ্রিসকে চরম মূল্য দিতে হবে। যে অনৈতিক মানচিত্র ও দলিল তারা দেখাচ্ছে তা ছিঁড়ে ফেলার মতো প্রয়োজনীয় রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক শক্তি তুরস্কের রয়েছে।
তিনি বলেন, আঙ্কারা সব সময়ই আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। আলোচনার ব্যাপারে আমাদের যথেষ্ট আন্তরিকতা রয়েছে। কিন্তু মুশকিল হলো তারা আমাদের অধিকারই স্বীকার করে না।
এরদোয়ান বলেন, আলোচনায় না বসলে বেদনাদায়ক অভিজ্ঞতার জন্য গ্রিসকে প্রস্তুত থাকতে হবে। যেকোনও পরিস্থিতির মুখোমুখি হওয়ার প্রস্তুতি তুরস্কের রয়েছে।
এদিকে ভূমধ্যসাগরে তার্কিশ রিপাবলিক অব নর্দার্ন সাইপ্রাসের সঙ্গে পাঁচ দিনব্যাপী যৌথ সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড।








