মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন জয়লাভ করলে চীনের বিজয় হবে। নর্থ ক্যারোলিনার এক সমাবেশে ডেমোক্র্যাটিক ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকেও আক্রমণ করেন তিনি। হ্যারিসকে কেউ পছন্দ করে না দাবি করে ট্রাম্প বলেন, তিনি নির্বাচিত হলে তা হবে যুক্তরাষ্ট্রকে অবজ্ঞা করার শামিল। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আরও এক মেয়াদে নির্বাচিত হতে লড়ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে, প্রায় সব জনমত জরিপে এখনও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চেয়ে পিছিয়ে আছেন তিনি।
এমন প্রেক্ষাপটে নির্বাচনি সমাবেশগুলোতে প্রতিদ্বন্দ্বীদের ওপর আক্রমণ জোরালো করেছেন ট্রাম্প। নর্থ ক্যারোলিনার সমাবেশে তিনি বলেন, ‘খুব সাধারণভাবে মনে রাখা দরকার, বাইডেন জিতে গেলে জিতে যাবে চীন—এটা খুব সাধারণ হিসাব। আপনারা এমন এক পরিস্থিতিতে আছেন যেখানে আমরা বিশ্ব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্থনীতি গড়ে তুলছি আর হঠাৎ করে বা বন্ধ করে দিতে বাধ্য হলাম চীনের প্লেগ চলে আসার কারণে। আর এখন আবার সব খুলে দেওয়া শুরু করেছি।’ তিনি বলেন, ‘চীন এবং দাঙ্গাবাজেরা (বর্ণবাদবিরোধী বিক্ষোভকারীদের দিকে ইঙ্গিত করে) বাইডেনকে জয়ী দেখতে চায়। কারণ, তারা জানে তার নীতিতে আমেরিকার পতন হবে।’
ডেমোক্র্যাটিক ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, ‘মানুষ তাকে পছন্দ করেন না, কেউই তাকে পছন্দ করেন না। তিনি কোনোভাবেই যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হতে পারেন না। এটা আমাদের দেশের জন্য অবমাননাকর হবে।’ কমলা প্রতিদ্বন্দ্বিতা ছেড়ে দেওয়ার পরও তাকেই বাইডেন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন, এমন তথ্য উল্লেখ করে ট্রাম্প বলেন, ক্যালিফোর্নিয়ায় জয় পেতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সেখানেও শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন বলে দাবি করেন ট্রাম্প।








