করোনা মহামারি পরিস্থিতিজনিত সহায়তা তহবিল থেকে ১৭ কোটি ৫০ লাখ ডলার চুরির ঘটনায় ৫৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইন-শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মার্কিন আইন মন্ত্রণালয় জানিয়েছে, জালিয়াতির মামলায় আরও কয়েক শ’ মানুষকে নজরে রাখা হচ্ছে।
যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতিজনিত লকডাউনে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তায় ৬৬০ বিলিয়ন ডলার সমমূল্যের পে চেক প্রটেকশন প্রোগ্রাম (পিপিপি) গঠন করা হয়েছিল। এরইমধ্যে এ তহবিল নিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছে। এ তহবিল চুরি করতে সংঘবদ্ধভাবে কাজ করেছে অপরাধী চক্রগুলো। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয় জানিয়েছে, জালিয়াতির ঘটনায় সংযোগ থাকা সন্দেহে ৫০০ জনকে শনাক্ত করা হয়েছে। পরিকল্পিত এ অপরাধমুলক কর্মকাণ্ডের ঘটনায় অন্য সংস্থাগুলোর পাশাপাশি নিবিড়ভাবে কাজ করবে আইন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত সহকারী অ্যাটর্নি জেনারেল ব্রায়ান র্যাবিট বলেন, ‘এ অপরাধী চক্রের সংশ্লিষ্টতায় অবাক হওয়ার কিছু নেই। তবে আইন মন্ত্রণালয়ে আমরা যারা কাজ করি তাদের জন্য এ ঘটনা বিব্রতকর। এসব মামলাগুলো এগিয়ে নেওয়ার কাজকে আমরা প্রাধান্য দেব।’








