করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে অ্যান্টি ভাইরাল ওষুধ রেমডেসিভির। শুক্রবার (২ অক্টোবর) রাতে হোয়াইট হাউসের চিকিৎসক ড. সিন কনলে এক বিবৃতিতে জানান, ওয়াশিংটনের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন ট্রাম্প ওষুধটি গ্রহণ করা শুরু করেছেন। অতিরিক্ত কোনও অক্সিজেন প্রয়োগ ছাড়াই তিনি ভালো আছেন। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
গত বৃহস্পতিবার রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট বার্তায় নিজের ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানান। শুক্রবার সকালে ট্রাম্পের চিফ অব স্টাফ জানান, প্রেসিডেন্ট কাজ চালিয়ে যাচ্ছেন আর তার এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মনোবল চাঙ্গা রয়েছে। পরে বিকেলে ট্রাম্পকে নেওয়া হয় ওয়াশিংটনের সামরিক হাসপাতালে।
রাতে হোয়াইট হাউসের চিকিৎসক ড. সিন কনলে জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমতিক্রমে তার স্বাস্থ্য সংক্রান্ত অবস্থা প্রকাশ করছেন তিনি। বিবৃতিতে জানিয়েছেন, শুক্রবার বিকেলে ওয়াল্টার রিড এবং জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে তিনি প্রেসিডেন্টকে পরবর্তী পর্যবেক্ষণের জন্য ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে স্থানান্তরের সুপারিশ করেছেন।
‘সন্ধ্যায় আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে প্রেসিডেন্ট খুবই ভালো সাড়া দিচ্ছেন। তার কোনও অতিরিক্ত অক্সিজেন প্রয়োজন পড়ছে না, তবে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে আমরা রেমডেসিভির থেরাপি শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি এটির প্রথম ডোজ গ্রহণ করেছেন আর স্বস্তির সঙ্গে বিশ্রাম নিচ্ছেন,’ জানান ড. সিন।
/জেজে/বিএ/








