অন্তত সাত জনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর হোয়াইট হাউসের রোজ গার্ডেনে আয়োজিত সেই অনুষ্ঠান নিয়ে শঙ্কা জোরালো হচ্ছে। বিভিন্ন সংবাদমাধ্যমের বিশ্লেষণে দেখা গেছে, ইতোমধ্যে আক্রান্ত হওয়া অনেকেই গত ২৫ সেপ্টেম্বরের ওই অনুষ্ঠানে পাশাপাশি বসেছিলেন। এছাড়া সেখানে চেয়ার বসানোর সময়ও মানা হয়নি শারীরিক দূরত্ব বজায় রাখার নিয়ম। ফলে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার পর করোনায় আক্রান্ত হওয়া ট্রাম্পের কর্মকর্তা ও সহযোগীর সংখ্যা অব্যাহতভাবে বাড়ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
গত ২৫ সেপ্টেম্বর (শনিবার) রোজ গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের জন্য নতুন মনোনীত বিচারপতি হিসেবে অ্যামি কোনি ব্যারেটস-এর নাম ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জনাকীর্ণ ওই অনুষ্ঠানে অনেকেই সেদিন মাস্ক ছাড়াই উপস্থিত ছিলেন। এছাড়া সেখানে উপস্থিত থাকাদের মধ্যে একে একে সংক্রমণ ধরা পড়ার পর আয়োজনটি ‘সুপার স্প্রেডার’ ( যে স্থান থেকে অনেকের মধ্যে রোগ ছড়ানোর আশঙ্কা থাকে) ছিলো কিনা তা নিয়েও জল্পনা শুরু হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে জানা যায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরদিন শুক্রবার সকালে প্রেসিডেন্টের সাবেক পরামর্শক কেলিয়ান কনওয়ে করোনায় আক্রান্ত হওয়ার ঘোষণা দিয়ে জানান তার লক্ষণ মৃদু। দুই রিপাবলিকান সিনেটর থম টিল্লিস এবং মাইক লি-ও করোনায় আক্রান্ত হওয়ার ঘোষণা দেন। তারা প্রত্যেকেই রোজ গার্ডেনের ওই আয়োজনে হাজির ছিলেন।
ওই অনুষ্ঠানে মাস্ক না পরে থাকা মাইক লি জানান, দীর্ঘদিনের অ্যালার্জির সঙ্গে করোনার লক্ষণ রয়েছে তার। আর মাস্ক পরে থাকা থম টিল্লিস জানান, তার শরীরে কোনও লক্ষণ নেই। উভয়েই জানিয়েছেন, আগামী দশদিন কোয়ারেন্টিনে থাকবেন। ফলে আগামী ১২ অক্টোবর নতুন বিচারপতি ব্যারেটের নিয়োগ চূড়ান্ত করতে সিনেট শুনানি শুরুর আগে এই দুই সিনেটরের কোয়ারেন্টিন শেষ হবে বলে আশা করা হচ্ছে। তবে দুজনেই সিনেটের বিচারিক কমিটির সদস্য হওয়ায় ওই শুনানি শুরু হওয়া নিয়ে কিংবা নতুন করে কোনও সিনেট সদস্যের সংক্রমণ ধরা পড়ে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
হোয়াইট হাউসের অনুষ্ঠানে উপস্থিত থাকা আরেক অতিথি ইউনিভার্সিটি অব নটোর ডেম’র প্রেসিডেন্ট জন জেনকিনসেরও পরে করোনা সংক্রমণ ধরা পড়ে।
করোনা আক্রান্ত ট্রাম্পকে শুক্রবারেই হাসপাতালে নেওয়া হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, আগামী কয়েকটা দিন ওয়াশিংটনের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে থাকবেন। ধারণা করা হচ্ছে যে রোজ গার্ডেনের ওই অনুষ্ঠান থেকেই আক্রান্ত হয়ে থাকতে পারেন ট্রাম্প। এছাড়া বেশ কয়েকজনের সংক্রমণ ধরা পড়ার পর ওই আয়োজনটি থেকে বহু মানুষ আক্রান্ত হয়েছেন- এমন আশঙ্কাও বাড়ছে। তবে বিচারপতি হিসেবে ট্রাম্পের মনোনয়ন পাওয়া ব্যারেট শুক্রবার জানিয়েছেন তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।
মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর নির্মিত একটি ভিজ্যুয়াল গাইডে দেখা গেছে, ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার পর ট্রাম্পের কর্মকর্তা এবং সহযোগীদের করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। আক্রান্ত হওয়ার ঘোষণা দেওয়া অনেকেই ওই অনুষ্ঠানে কাছাকাছি বসেছিলেন। এছাড়া হাফিংটন পোস্টের ইগোর ববিক জানিয়েছেন, ওই অনুষ্ঠানে চেয়ারগুলো শারীরিকত দূরত্বের নিয়ম মেনে বসানো ছিলো না। হোয়াইট হাউস প্রতিনিধি অ্যাসোসিয়েশনও জানিয়েছে, ওই অনুষ্ঠানে উপস্থিত থাকা এক সাংবাদিকেরও করোনা শনাক্ত হয়েছে। তবে তার নাম প্রকাশ করা হয়নি।








