নিজেদের দুই প্রতিবেশী আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘাত আঞ্চলিক যুদ্ধ হিসেবে বিস্তৃত হয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে ইরান। তবে বিরোধপূর্ণ নাগোরনো-কারাবাখ অঞ্চলে পুনরায় শান্তি স্থাপনের আশাবাদ ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। বুধবার তিনি বলেন, ওই সংঘাতে ছোড়া কোনও গোলা ইরানের মাটিতে পড়লে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
নাগোরনো-কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভেতরে হলেও আর্মেনিয়া সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে তা নিয়ন্ত্রণ করছে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। ১৯৮০-এর দশকের শেষদিকে অঞ্চলটির নিয়ন্ত্রণ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘাত শুরু হয়। ১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের মুহূর্তে সংঘর্ষ চূড়ান্ত আকার ধারণ করে। ১৯৯৪ সালে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আগ পর্যন্ত এই সংঘর্ষে ৩০ হাজার মানুষ নিহত হয়। ২০১৬ সালের শুরুতে আবার সংঘাতে জড়ায় দুই পক্ষ। সর্বশেষ পুরনো সংঘাত ২৭ সেপ্টেম্বর (রবিবার) থেকে নতুন করে শুরু হয়েছে।
আজারবাইজান ও আর্মেনিয়ার সংঘর্ষে ছোড়া ১০টির বেশি মর্টার গত সপ্তাহে ইরানে আঘাত হানে। ইরানের সীমান্তবর্তী খোদা অফারিন জেলায় এসব মর্টার এসে পড়েছে বলে সেখানকার গভর্নর আলী আমিরি রাদ জানান।
ওই ঘটনার প্রতিক্রিয়ায় ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, ‘আমাদের গ্রাম ও শহরের সুরক্ষা আমাদের অগ্রাধিকার।’ তিনি বলেন, ‘আমাদের কাজের ভিত্তি হলো শান্তি আর আমরা আশা করি ওই অঞ্চলে আমরা শান্তির পথেই স্থিতিশীলতা পুনর্বহালে সক্ষম হবো।’








