করোনাভাইরাস মহামারির ফলে কর্মীদের বাসা থেকে কাজ করার সুযোগ দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ডও রয়েছে এ তালিকায়। বৃহস্পতিবার কোম্পানিটি তার কর্মীদের জানিয়েছে, উত্তর আমেরিকায় তাদের বাসা থেকে কাজের সময়সীমা বাড়ানো হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত মার্চ থেকে বাসা থেকে কাজের সুযোগ দেয় ফোর্ড।
ফোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, বর্ধিত সময়সীমা অনুযায়ী উত্তর আমেরিকার কর্মীরা ২০২১ সালের জুন পর্যন্ত বাসা থেকে কাজ করার সুযোগ পাবেন।
সিএনএন জানিয়েছে, উত্তর আমেরিকায় ফোর্ডের অফিসগুলোতে কাজ করেন প্রায় ৩২ হাজার কর্মী। এর মধ্যে শুধু মিশিগানেই কাজ করেন ২৬ হাজার কর্মী।
এর আগে গত মে মাসে সোশ্যাল মিডিয়া জায়ান্ট টুইটার জানায়, তাদের কর্মীরা চাইলে 'আজীবন' বাসা থেকে কাজ করতে পারবেন।
লকডাউনের সময় টুইটার কর্মীদের বাসা থেকে কাজ করার নিয়ম চালু করে। সেই নিয়ম ফলপ্রসূ হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে, লকডাউন উঠে যাওয়ার পর যখন অফিস খোলা হবে, তখন চাইলে কর্মীরা অফিসেও যেতে পারবেন।
গুগল ও ফেসবুক জানিয়েছে, ২০২০ সালের শেষ নাগাদ তাদের কর্মীরা বাসা থেকে কাজ করতে পারবেন।
বাসা থেকে কাজ করার ঘোষণায় টুইটার বলেছে, ‘গত কয়েক মাসে এটা প্রমাণিত হয়েছে যে আমরা এটা (বাসা থেকে কাজ) করতে পারছি। সুতরাং আমাদের কর্মীরা যদি বাসা থেকে কাজ করার মতো দায়িত্ব ও পরিস্থিতিতে থাকে এবং তারা যদি বাড়িতে বসেই আজীবন কাজ করতে চায়, আমরা সেই ব্যবস্থা করবো।’
ঘোষণায় বলা হয়, যেসব কর্মী অফিস করতে আগ্রহী, টুইটার তাদের সেই ইচ্ছাকেও স্বাগত জানাবে। তবে সেক্ষেত্রে কিছু অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা নেওয়া হবে।








