আজারবাইজানের গানজা শহরে শনিবার রাতভর আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাত জন নিহত হওয়ার দাবি করেছে আজেরি প্রতিরক্ষা মন্ত্রণালয়। নাগরনো-কারাবাখ অঞ্চলে অস্ত্রবিরতি কার্যকর হওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এ হামলা হলো। আরব নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে শনিবার (১০ অক্টোবর) দুপুরে অস্ত্রবিরতি কার্যকর হওয়ার কয়েক মিনিটের মাথায় আজারবাইজান ও আর্মেনিয়া একে অপরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ তুলেছিল।
নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের পুরনো সংঘাত গত ২৭ সেপ্টেম্বর (রবিবার) থেকে নতুন করে আবার শুরু হয়। গত কয়েক দিনের সংঘাতে ৩ শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) রুশ প্রস্তাবে সাড়া দিয়ে দুই পক্ষ মস্কোতে অস্ত্রবিরতির আলোচনায় সম্মত হয়। সেই আলোচনা শেষে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বাংলাদেশ সময় শনিবার ভোর ৬টার কিছু সময় আগে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে অস্ত্রবিরতির আনুষ্ঠানিক ঘোষণা দেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর এখন আর্মেনিয়া ও আজারবাইজান পরবর্তী ‘ফলপ্রসূ’ আলোচনা শুরু করবে। আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জানান, এ অস্ত্রবিরতির মেয়াদ সাময়িক। যুদ্ধক্ষেত্র থেকে মরদেহ উদ্ধার করে দুই পক্ষের কাছে হস্তান্তর করতে রেড ক্রসের যে সময় লাগবে, ততক্ষণ পর্যন্ত স্থায়ী হবে তা।
রবিবার (১১ অক্টোবর) টুইটার পোস্টে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় লিখেছে, ‘আর্মেনীয় বাহিনী রাতে নতুন করে গানজার আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে সাত জন নিহত ও ৩৩ জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে শিশুও রয়েছে।’








