নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের টিমের সঙ্গে সাক্ষাতে বিদেশি নেতাদের আগ্রহ বাড়ছে। বাইডেন দায়িত্ব গ্রহণের আগেই তার টিমের সঙ্গে দেখা করে নিজ নিজ দেশের বার্তা পৌঁছে দিতে আগ্রহী তারা। এরইমধ্যে রবিবার ওয়াশিংটনে পৌঁছেছেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী কং কিউং-ওয়া। যুক্তরাষ্ট্রের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ছাড়াও টিম বাইডেনের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তারা।
কোরিয়ান যুদ্ধের সৌধ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কং কিউং-ওয়া। তবে নতুন প্রশাসন ওবামা আমলের কৌশলগত নীতিতে ফিরে যাবে; এমন কোনও আশাবাদের কথা জানাতে পারেননি দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, নতুন মার্কিন প্রশাসন কীভাবে সুনির্দিষ্ট বিষয়গুলো পরিচালনা করবে সে সম্পর্কে এখনই ভবিষ্যদ্বাণী করার সময় আসেনি।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী কং কিউং-ওয়া বলেন, বাইডেনের বেশ কয়েকজন সহযোগী যেসব কথা বলেছেন তাতে আমি বিশ্বাস করি না যে, তারা অতীতের কৌশলগত ধৈর্যের জায়গায় ফিরে যেতে চায়। দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টি গত তিন বছরের বিভিন্ন অগ্রগতি ও অর্জনের ভিত্তিতে তৈরি করা উচিত।
এদিকে রবিবার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জ ইন। টুইটারে দেওয়া এক পোস্টে মূল্যবোধ ও ভবিষ্যৎ সম্পর্কের ভিত্তিতে বাইডেন প্রশাসনের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন তিনি।








