প্রথম বিশ্বযুদ্ধ অবসানের স্মরণে সৌদি আরবের জেদ্দায় আয়োজিত এক অনুষ্ঠানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই অনুষ্ঠানে কয়েকজন বিদেশি কূটনীতিকও উপস্থিত ছিলেন। বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। এই ঘটনার নিন্দা জানিয়ে এর সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে সৌদি কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে ফ্রান্স। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
গিসের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, জেদ্দায় অমুসলিমদের এক কবরস্থানে বিস্ফোরণ ঘটানো হয়। কর্মকর্তারা জানিয়েছেন, এতে গ্রিসের এক নাগরিকসহ চার জন আহত হয়েছে। তবে মক্কার গভর্নর দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন দুই ব্যক্তি আহত হয়েছে: গ্রিস দূতাবাসের এক কর্মী এবং এক নিরাপত্তা কর্মী।
প্রথম বিশ্বযুদ্ধ অবসানের দিন স্মরণে ওই অনুষ্ঠানের আয়োজন করে সৌদি আরবের ফরাসি দূতাবাস। এতে ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশের কূটনৈতিক প্রতিনিধিরা যোগ দেন।
গত মাসে জেদ্দার ফরাসি কনস্যুলেটে হামলা চালিয়ে এক নিরাপত্তা রক্ষীকে আহত করার পর এক সৌদি নাগরিককে গ্রেফতার করা হয়। ওই শহরে অবস্থানরত ফরাসি নাগরিকদের ধৈর্য্য ধারণের আহ্বান জানিয়েছে দূতাবাস।








