ইরানে মানবিক সহায়তার ওপর ওয়াশিংটনের কোনও নিষেধাজ্ঞা নেই বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এমন দাবি করা হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
বিবৃতিতে বলা হয়, ইরানে মানবিক সহায়তার জন্য অর্থ পাঠানোর বিষয়টি যেসব বিদেশি ব্যাংকে প্রক্রিয়াধীন রয়েছে তাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। হ্যান্ড স্যানিটাইজার, ভেন্টিলেটর, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই)-এর মতো মেডিক্যাল আইটেমের ক্ষেত্রে এ ছাড় প্রযোজ্য হবে।
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ব্যাপক ব্যতিক্রম বজায় রেখেছে। মানবিক সামগ্রীর বাণিজ্যিক বিপণন ও রফতানির অনুমতি দেওয়া হয়েছে।
গত অক্টোবরের শেষদিকে ইরানের ব্যাংকগুলোর বিরুদ্ধে আরোপিত নতুন বিশদ নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্বিবেচনা করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানায় জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। দেশগুলো বলছে, মার্কিন নিষেধাজ্ঞার ফলে ইরানে মানবিক সামগ্রীর বাণিজ্যিক বিপণনের পথও রুদ্ধ হয়ে পড়বে। মূলত ইউরোপীয় দেশগুলোর ওই আহ্বানে সাড়া দিয়েই নিষেধাজ্ঞার ক্ষেত্রে কিছুটা নমনীয় হয় ট্রাম্প প্রশাসন।








