ইরানের ভিন্নমতাবলম্বী সাংবাদিক রুহুল্লাহ জামের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা নিউজ এজেন্সি এবং আধা সরকারি নুর নিউজ এজেন্সিসহ প্রায় সব ইরানি সংবাদমাধ্যমই এ খবর নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, শনিবার সকালে জামের মৃত্যুদণ্ড কাযর্কর করা হয়েছে।
ইরানের বাইরে বেশ কিছুদিন নির্বাসিত জীবন-যাপন করতে বাধ্য হন রুহুল্লাহ। ফ্রান্স, ইসরায়েল ও আরও কিছু পশ্চিমা দেশের সহযোগিতায় ইরান-বিদ্বেষী প্রচার চালানোর অভিযোগে ২০১৯ সালে জামকে বন্দি করে ইরানের ইসলামী বিপ্লবী বাহিনী (আইআরজিসি) । তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ম্যাসেজিং অ্যাপ ‘টেলিগ্রাম’ এবং নিজের ‘আমাদ নিউজ’-এর মাধ্যমে ‘ইরানের পতন’ ঘটানোর ঘোষণা দেন।
রুহুল্লাহর বিরুদ্ধে সে সময় ‘করাপশন অন আর্থ’ অভিযোগ আনা হয়েছিল। সাধারণত গুপ্তচরবৃত্তি বা ইরান সরকারকে উৎখাতের চেষ্টায় যুক্ত থাকায় লোকজনের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনা হয়। অভিযোগে দোষী সাব্যস্ত হন রুহুল্লাহ। এ সপ্তাহের শুরুতে ইরানের সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।
শনিবার আধা সরকারি ইসনা নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের রিভোল্যুশনারি প্রসিকিউটরের কার্যালয় রুহুল্লাহর ফাঁসি কার্যকরের ঘোষণা দিয়েছে। ৪৭ বছর বয়সী এই ইরানি সাংবাদিকের মৃত্যুদণ্ডের ঘটনায় নিন্দা প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্প্রদায়।








