ফাইজার টিকার পর করোনাভাইরাসের দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে ফার্মা জায়ান্ট মডার্নার উদ্ভাবিত ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। রবিবার থেকে দেশজুড়ে তিন হাজার ৭০০টিরও বেশি স্থানে এ টিকা সরবরাহ করবে কর্তৃপক্ষ। সারা দেশে মডার্না ভ্যাকসিনের কয়েক মিলিয়ন ডোজ সরবরাহ করা হবে। কর্মকর্তাদের বরাত দিয়ে রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
কোভিড-১৯ ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে লোকজনকে জনস্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনা পালনের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার এক সংবাদ সম্মেলনে কথা বলেন সরকারের টিকা বিষয়ক অপারেশন ওয়ার্প স্পিড প্রজেক্টের প্রধান নির্বাহী কর্মকর্তা গুস্তাভে পেরনা। তিনি জানান, মডার্না তার উৎপাদন কেন্দ্র থেকে সরবরাহস্থলে ভ্যাকসিনগুলো সরিয়ে নিয়েছে।
গুস্তাভে পেরনা বলেন, মডার্নার এই ভ্যাকসিন বিতরণে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বক্সগুলো প্যাক করা হচ্ছে। আজ লোড করার পর আগামীকাল (রবিবার) থেকে এগুলোর সরবরাহ শুরু হবে।
গত শুক্রবার মডার্নার উদ্ভাবিত কোভিড ভ্যাকসিনের অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদনের এক সপ্তাহের মাথায় দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে এটি অনুমোদন পায়।
মার্কিন ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)-এর একটি উপদেষ্টা প্যানেল বৃহস্পতিবার ভ্যাকসিনটি জরুরি ব্যবহারের জন্য সুপারিশ করে। এর ভিত্তিতে শুক্রবার এফডিএ ভ্যাকসিনটি প্রয়োগের অনুমোদন দেয়।
বিশেষজ্ঞ প্যানেলের সদস্যরা ২০-০ ভোটে মডার্নার ভ্যাকসিনকে অনুমোদনের সুপারিশ করেছেন। তাদের মতে, ১৮ ও এর চেয়ে বেশি বয়সীদের জন্য ভ্যাকসিনটি ঝুঁকিপূর্ণ নয়।
মডার্নার ভ্যাকসিন ৯৪ শতাংশ নিরাপদ ও কার্যকর বলে প্রমাণিত হয়েছে। যুক্তরাষ্ট্র কোম্পানিটির সঙ্গে ২০০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন কেনার চুক্তি করেছে।
মডার্নার ভ্যাকসিন অনুমোদন পাওয়ার পর টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, অভিনন্দন, মডার্নার ভ্যাকসিন এখন পাওয়া যাচ্ছে।
এদিকে, শুক্রবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তার স্ত্রী কারেন পেন্স প্রকাশ্যে ফাইজারের কোভিড-১৯ ভ্যাকসিন নিয়েছেন। টিকা নিতে লোকজনকে উৎসাহিত করতেই প্রকাশ্যে ভ্যাকসিন নেন তারা। প্রেসিডেন্ট ট্রাম্পও প্রকাশ্যে টিকা নেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।








