কাশ্মিরের ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিল (ডিডিসি) নির্বাচনে তিনটি আসনে জয় নিশ্চিত করে পদ্ম ফুল ফুটিয়েছে বিজেপি। তবে মঙ্গলবার ঘোষিত ফলাফলে সামগ্রিকভাবে পদ্ম প্রতীকের দলটি পিছিয়ে রয়েছে। এই নির্বাচনে পিপলস অ্যালায়েন্স এগিয়ে থাকলেও বিজেপি’র তিন আসনে জয় পাওয়াকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আউটলুক ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
২০১৯ সালের আগস্টে জম্মু ও কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিলের পর এবারই প্রথমবারের মতো অঞ্চলটিতে কোনও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত আট ধাপে জম্মু ও কাশ্মিরের ২৮০টি ডিডিসি আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মূলত শান্তিপূর্ণ এই নির্বাচনে ৫৭ লাখ যোগ্য ভোটারের ৫১ শতাংশ তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
জম্মু ও কাশ্মিরের ডিডিসি নির্বাচনের ভোট গণনা এখনও চলছে। এখন পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী আঞ্চলিক দলগুলোর জোট পিপলস অ্যালায়েন্স এগিয়ে রয়েছে ৮৮টি আসনে। আর বিজেপি এগিয়ে রয়েছে ৪৪টি আসনে।
ভোট গণনার আগে গত রবিবার কাশ্মির কর্তৃপক্ষ পিপলস অ্যালায়েন্সের বেশ কয়েক জন নেতাকে গ্রেফতার করে। এদের মধ্যে রয়েছেন নাইম আখতার, সারতাজ মাদনি, পীর মনসুর ও হিলাল আহমেদ লোন। তবে তাদের কেন গ্রেফতার করা হয়েছে তার কোনও কারণ জানানো হয়নি।
নির্বাচনি কর্তৃপক্ষের এখন পর্যন্ত ঘোষিত ফলাফল অনুযায়ী, বিজেপি শ্রীনগর, বান্দিপোরা ও পুলওয়ামা জেলায় একটি করে আসনে জয় নিশ্চিত করেছে। বিজেপি’র তরুণ শাখার জাতীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট আইজাজ মীর শ্রীনগরের বালহামা আসন থেকে জয় পেয়েছেন। এছাড়া দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা জেলায় কাকপোরা আসন থেকে জয় পেয়েছে বিজেপি। পাশাপাশি উত্তর কাশ্মিরের বান্দিপোরা জেলার তুলাইল আসন থেকে জয় পেয়েছে দলটি।
শ্রীনগরের ডেপুটি কমিশনার ড. শাহিদ চৌধুরী জানিয়েছেন, তার জেলার ১৪টি আসনের সবক’টিরই ফলাফল ঘোষণা করা হয়েছে।
ফল ঘোষণার মধ্য দিয়ে নির্ধারিত হবে এবারে প্রতিদ্বন্দ্বিতা করা চার হাজার ১৮১ জন প্রার্থীর ভাগ্য। এদের মধ্যে রয়েছেন অন্তত ৪৫০ জন নারী।








