সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত করোনাভাইরাস টিকার প্রথম ডোজ নিয়েছেন। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে আরব নিউজ জানিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাতীয় টিকাদান কর্মসূচির অংশ হিসেবে টিকা নেন যুবরাজ।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, সৌদি আরবে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন লাখ ৬১ হাজার নয়শ তিনজন এবং মারা গেছে ছয় হাজার একশ ৬৮ জন। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, গত মঙ্গলবার থেকে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর এ পর্যন্ত ৫ লাখের বেশি মানুষ টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছে। আগামী বছরের শেষ নাগাদ দেশটির ৭০ শতাংশ জনগোষ্ঠীকে টিকা দেওয়া সম্ভব হবে বলে গত নভেম্বরে আশাবাদ ব্যক্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ ‘নাগরিক ও বাসিন্দাদের ভ্যাকসিন সরবরাহের জন্য তার আগ্রহ এবং অব্যাহত প্রচেষ্টার জন্য যুবরাজকে ধন্যবাদ জানিয়েছেন’। বলেছেন, মহামারির শুরু থেকেই আমাদের যে অর্জন তা হচ্ছে, ভিশন ২০৩০-র আওতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে, প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। আল-রাবিয়াহ বলেন, জনগণের স্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে সতর্ক ব্যবস্থার মাধ্যমে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।








