যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের দুই সিনেট আসনে ফিরতি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এখন ভোট গণনা চলছে। কর্মকর্তারা জানিয়েছেন, ফল পেতে বুধবার পর্যন্ত বা আরও বেশি সময় লেগে যেতে পারে।
নভেম্বরের নির্বাচনে দুই রাজ্যের চারজন প্রার্থীর কেউই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এই ফিরতি নির্বাচন অপরিহার্য হয়ে পড়ে। এই নির্বাচনের ফলাফলেই নির্ধারিত হবে যে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রথম দুই বছর সিনেটের নিয়ন্ত্রণ কাদের হাতে থাকবে।
নির্বাচনে রিপাবলিকান সিনেটর ডেভিড পারডিউ টেলিভিশনের প্রামাণ্য চিত্র প্রযোজক ডেমোক্র্যাট জন অসফের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অন্যতম ধনী রাজনীতিক রিপাবলিকান সিনেটর কেলি লোয়েফলারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যাপটিস্ট চার্চের যাজক ডেমোক্র্যাট রেভারেন্ড রাফায়েল ওয়ার্নক। নির্বাচনের আগের দিনের জরিপে দেখা গেছে যে, দুই ডেমোক্র্যাট প্রার্থী কিছুটা এগিয়ে আছেন।
এই মূহুর্তে ১০০ আসন বিশিষ্ট সিনেটে রিপবলিকানদের ৫০টি এবং ডেমোক্র্যাটদের ৪৮টি আসন রয়েছে। এখন রিপাবলিকানরা একটি আসন পেলেই তারা সিনেটে সংখ্যগরিষ্ঠতা পেয়ে যাবে। সেক্ষেত্রে ২০ জানুয়ারি বাইডেন তার দায়িত্ব গ্রহণের পর তার যে কোনও প্রস্তাবের বিরুদ্ধে রিপাবলিকানরা ঢাল হয়ে দাঁড়াতে পারে।
অন্যদিকে যদি ডেমোক্র্যটরা দুটি আসনেই জয়লাভ করে তাহলে ৫০-৫০ সমান আসন থাকবে উভয় দলের। সেক্ষেত্রে নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস; যিনি সিনেটে সভাপতিত্ব করবেন তিনি তার ভোট দিয়ে বাইডেনের প্রস্তাবকে বৈধতা দিতে পারবেন। ফলে উভয় দলই জর্জিয়ার এ দুই আসন ছিনিয়ে নিতে মরিয়া চেষ্টা চালিয়েছে। সূত্র: ভয়েস অব আমেরিকা।









