সন্ত্রাসবাদ ও চরমপন্থা রুখতে সৌদি আরবকে যথাযথ সহায়তা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ তাদের সঙ্গে একজোট হয়ে কাজ করবে। রিয়াদে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইরের সঙ্গে বৈঠকে সৌদি আরবে সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এই অঙ্গীকার করেন। সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ খবরটি নিশ্চিত করে। সে সময় ইরানে সৌদি দূতাবাসে সাম্প্রতিক হামলার নিন্দাও জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ।
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে রিয়াদে যান আবুল হাসান মোহাম্মদ আলী। বুধবার সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, বুধবার অনুষ্ঠিত বৈঠকে দুই মন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার পারস্পরিক সম্পর্কের কথা আলোচনা করেন। এ ছাড়া পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুগুলো নিয়েও আলোচনা করেন তারা। আলোচনায় সম্প্রতি তেহরানে সৌদি আরবের দূতাবাসে হামলাকে কূটনৈতিক সম্পর্কবিষয়ক ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
আবুল হাসান মোহাম্মদ আলী বলেন,‘আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজস্ব ভূখণ্ডে অন্য দেশের কূটনীতিক ও কনস্যুলারদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ওই দেশের সরকারের।’
বৈঠকে সৌদি বাদশাহ সালমানের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফে শুভেচ্ছা পৌঁছে দেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ বছরের মার্চ থেকে মে মাসের মধ্যে যেকোনও সময় শেখ হাসিনা সৌদি আরব সফর করতে পারেন বলেও জানান তিনি। সেসময় প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে স্বাগত জানিয়ে আল জুবেইর বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিন ধরেই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে এবং শেখ হাসিনা তাদের দেশে গেলে বাদশাহ সালমান আনন্দিত হবেন।
বৈঠকে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশ কমিউনিটির ভূমিকার প্রশংসা করেন জুবেইর। বাংলাদেশ থেকে ভবিষ্যতে আরও বেশি চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়ার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। এ ব্যাপারে বাংলাদেশের মেডিকেল ডিগ্রি এবং অন্যান্য সুবিধা যাচাই করতে সৌদি আরবের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করতে পারে বলেও জানান তিনি। দুইদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ জোরদার করতে সৌদি আরবে বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকের শাখা স্থাপনের ব্যাপারেও আলোচনা করেন দুই মন্ত্রী।
বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, ডেপুটি চিফ অব মিশন নজরুল ইসলাম, জেদ্দার কনস্যাল জেনারেল শহীদুল করিম, পররাষ্ট্র কার্যালয়ের পরিচালক আসিফ রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন। সূত্র: আরব নিউজ
/এফইউ/বিএ/








