মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের হয়ে প্রার্থিতা প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের সমাবেশ থেকে এক মুসলিম নারী প্রতিবাদকারীকে বের করে দেওয়ার ঘটনায় ক্ষোভ জানিয়েছে মুসলিম সংগঠন দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস।
একইসঙ্গে ওই নারীর কাছে ক্ষমা চাওয়ার জন্য ট্রাম্পকে আহ্বান জানানো হয়েছে।
সংগঠনটির তরফে বলা হয়, ক্ষমা চাওয়ার পাশাপাশি মুসলিম আমেরিকানদের অন্যান্য নাগরিকের মতো বিবেচনা এবং রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে ট্রাম্পকে অঙ্গীকারবদ্ধ হতে হবে।
শুক্রবার ট্রাম্পের সমাবেশে গিয়ে নিরবে প্রতিবাদ জানানোর পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাহায্যে হিজাব পরিহিত ওই মুসলিম নারীকে বের করে দেওয়া হয়।
রোজ হামিদ(৫৬) নামের ওই বিমানকর্মীর গায়ে ছিল একটি টি শার্ট যাতে লেখা ছিল, ‘সালাম, আমি শান্তির জন্য এসেছি’, এছাড়াও তার মাথায় হিজাব ছিল। তিনি কোন কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে ছিলেন।
কিন্তু তার আশেপাশে থাকা ট্রাম্পের সমর্থকরাও উঠে দাঁড়িয়ে ট্রাম্পের নামে শ্লোগান দিতে শুরু করেন। শুধু তাই নয়, এক পর্যায়ে তারা বলতে থাকেন, ‘বের হয়ে যাও’ এবং ‘তোমার কাছে বোমা আছে।’
রোজ হামিদ সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘পুরো বিষয়টি দ্রুত কদর্য ও ভয়াবহ হয়ে ওঠে।’
এ প্রসঙ্গে রক হিল পুলিশ বিভাগের কর্মকর্তা মেজর স্টিভেন থমসন বলেন, ‘আমাদের ওপর নির্দেশ ছিল, যে কোন ধরনের উপদ্রব দূর করতে হবে।’
প্রসঙ্গত, প্যারিসে হামলার পর যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ বন্ধ করার প্রস্তাব তুলে ব্যপক সমালোচনার সৃষ্টি করেন ট্রাম্প। সাম্প্রতিককালে একটি টেলিভিশন প্রচারণায় একই বক্তব্য তুলে ধরে মুসলিমবিদ্বেষ প্রচার অব্যাহত রেখেছেন। সূত্রঃ বিবিসি, সিএনএন
/ইউআর/এফইউ/








