গত বছর ডিসেম্বরে হরমুজ প্রণালিতে ইরানি যুদ্ধ জাহাজ থেকে মার্কিন যুদ্ধ জাহাজের কাছাকাছি রকেট হামলার অভিযোগের সপক্ষে এবার ভিডিও প্রমাণ হাজির করলো যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। শনিবার মার্কিন হেলিকপ্টার থেকে ধারণ করা সাদা-কালো একটি ভিডিও প্রকাশ করা হয়।
২৬ ডিসেম্বর ধারণ করা ওই ভিডিওতে ইরানিয়ান রিভোল্যুশনারি গার্ডের জাহাজ থেকে মার্কিন বিমানবাহী জাহাজ ইউএসএস হ্যারি এস ট্রুম্যানসহ বেশ কয়েকটি যুদ্ধ জাহাজের কাছে রকেট হামলা হতে দেখা গেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
ওই রকেট হামলার পর ২৯ ডিসেম্বর ইরানের প্রতি ক্ষোভ জানিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে ৩১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের অভিযোগটি নাকচ করে দেয় ইরান। ইরানিয়ান রিভোল্যুশনারি গার্ডের এক মুখপাত্র এ অভিযোগকে মিথ্যা ও মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে উল্লেখ করেছিলেন।
সীহক হেলিকপ্টার থেকে ধারণ করা ওই ভিডিওটি ৩০ সেকেন্ডের। মার্কিন নৌবাহিনীর তরফে দাবি করা হয়, আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি মেরিটাইম ট্রাফিক লেন থেকে ওই হামলা চালানো হয়েছে। সেসময় হরমুজ প্রণালি দিয়ে ট্রুম্যানসহ অন্য যুদ্ধ জাহাজগুলো পারস্য উপসাগরের দিকে যাচ্ছিল। ওই জাহাজগুলো ইরাক ও সিরিয়ায় আইএস’র বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোটের চলমান অভিযানে ব্যবহার করা হচ্ছে বলেও জানায় তারা।
গত বছরের জুলাইতে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তিতে পৌঁছায় ছয় শক্তিধর দেশ। চুক্তির আওতায় পারমাণবিক কর্মসূচি সীমিত করার শর্ত মেনে নেয় ইরান। আর বিনিময়ে ইরান থেকে অবরোধ প্রত্যাহার করে নিতে রাজি হয় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ।
তবে এরপরও বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বিরোধ চলছে। আর নতুন করে এ রকেট হামলা চলমান উত্তেজনাকেই আরও বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: দ্য গার্ডিয়ান
/এফইউ/বিএ/








