আল-কায়েদার সহযোগী সংগঠন আল-নুসরা ফ্রন্ট সিরিয়ার একটি রেডিও স্টেশনে হামলা চালিয়ে দুজন বিশিষ্ট গণমাধ্যমকর্মীকে অপহরণ করেছে।
রবিবার স্থানীয় সময় ৬টা ৫৫ মিনিটে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর কাফ্রানবেল থেকে তাদের অপহরণ করা হয়। মানবাধিকার গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
অপহৃরা হলেন, হাদি আল-আবদাল্লাহ ও রীড ফারেস। ফারেস ‘ফ্রেস এফএম’ নামে ওই রেডিও স্টেশনের পরিচালক।
সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশনের মিডিয়া প্রধান সোনার তালেব বলেন, আল-নুসরা ফ্রন্টের সদস্যরা স্থানীয় সময় ৬টা ৫৫ মিনিটে ওই রেডিও স্টেশনে প্রবেশ করে দায়িত্বপালনরত অবস্থায় হাদি আল-আবদাল্লাহ ও রীড ফারেসকে অপহরণ করে নিয়ে যায়।
তিনি জানান, ফারেসকে এর আগেও নুসরা যোদ্ধারা একবার আটক করেছিল। রেডিও স্টেশনটি ‘ধর্মনিরপেক্ষতা এবং ধর্মীয় বিশ্বাস বা নীতি ত্যাগের সমর্থনে’ প্রচারণা চালিয়ে থাকে। যে কারণে এটি নুসরা যোদ্ধাদের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
তিনি আরও জানান, জিহাদিরা তাদের উভয়কে অপহরণের পাশাপাশি স্টেশনে তাদের যাবতীয় জিনিসপত্রও বাজেয়াপ্ত করেছে।
২০১১ সালে সিরিয়া জুড়ে বিরোধী বিক্ষোভের সূত্রপাত হলে আবদাল্লাহ গুলিবিদ্ধ হয়েছিলেন। এছাড়াও গত বছর তিনি আল-নুসরার প্রধান আবু মোহাম্মদ আল- গোলানির সাক্ষাৎকারও নিয়েছিলেন।
কাফ্রানবেল দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে অবস্থিত। ২০১২ সাল থেকে বিদ্রোহীরা শহরটির নিয়ন্ত্রণ করছে।
আল-নুসরা ফ্রন্ট আল-কায়েদা জোটের একটি শক্তিশালী ‘আর্মি’ হিসেবে পরিচিত। তারা চলতি বছরের শুরুর দিকে ইদলিব তাদের নিজেদের নিয়ন্ত্রণে নেয়। দেশটির অন্যান্য অংশেও তাদের শক্তিশালী উপস্থিতি রয়েছে। সূত্র: মিডল ইস্ট আই
/আরএ/








