আল কায়েদা সৌদি আরব এবং এর পশ্চিমা মিত্র দেশগুলোতে হামলা চালানোর হুমকি দিয়েছে বলে দাবি করেছে জিহাদিদের কর্মকাণ্ড পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা সাইট ইন্টিলিজেন্স গ্রুপ। সাইটের দাবির বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিজেদের ৪৩ জন সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করার অভিযোগ তুলে এই হামলা চালানোর আহ্বান জানিয়েছে আল-কায়েদা।
রয়টার্সের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার এক অডিও বার্তার বরাত দিয়ে সাইট জানিয়েছে, চার শিয়া মুসলিমসহ এসব ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করার মূল্য সৌদি আরবকে দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আল-কায়েদা। সাইট জানিয়েছে, গত মঙ্গলবার ওই অডিও বার্তা প্রকাশ করেছে আল-কায়েদা।
সাইটের দাবি অনুযায়ী অডিও বার্তায় আল-কায়েদার মুখপাত্র আয়মান আল জাওয়াহিরি সৌদি আরবের আল সাউদ বংশকে উচ্ছেদ এবং এর পশ্চিমা মিত্রদের ওপর হামলা চালানোর আহ্বান জানান।
সৌদি আরবের দিকে ইঙ্গিত করে জাওয়াহিরি বলেন, ‘ ওই পঁচে যাওয়া সাম্রাজ্য যা আপনার ধর্ম এবং আপনার জীবন নষ্ট করে চলেছে, তাকে ধ্বংস করার এটাই কি সময় নয়?' ইহুদি- ক্রুসেডারদের বিভিন্ন গ্রুপের উপর হামলার মধ্যে দিয়ে প্রতিশোধ নেওয়া হবে বলেও হুমকি দেন তিনি।
গত শনিবার (২ জানুয়ারি) সৌদি আরব ‘সন্ত্রাসবাদের’ জন্য দোষী সাব্যস্ত ৪৭ জনের শিরশ্ছেদ করে। এদের মধ্যে আল কায়েদার যে ৪৩ জন সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশটিতে চালানো অনেকগুলো হামলার জন্য দোষী সাব্যস্ত করা হয়। ঐসব হামলায় কয়েকশত স্থানীয় ও বিদেশি নাগরিক নিহত হন।
ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের সুন্নিদের সমর্থন আদায় করার লক্ষ্যে রিয়াদ শিয়া আলেম নিমর আল নিমরকে উদ্দেশ্যমূলকভাবে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন জাওয়াহিরি। তার হত্যা এই অঞ্চলের ক্ষমতা নিয়ে সৌদি-ইরানের প্রতিদ্বন্দ্বিতার কারণে সংঘটিত একটি রাজনৈতিক হত্যাকাণ্ড, বলেন তিনি।
/বিএ/








