মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়া ফের ইউক্রেনে হামলা চালালে এর সুস্পষ্ট জবাব দেবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি-র সঙ্গে এক ফোনালাপে নিজ দেশের এমন অবস্থানের কথা জানান তিনি। হোয়াইট হাউসের এক বিবৃতিতে দুই নেতার এমন ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সীমান্ত উত্তেজনার বাস্তবতায় এক মাসের মধ্যেই দুই দফায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন বাইডেন। পুতিনের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনার কয়েক দিনের মাথায় রবিবার ইউক্রেনের নেতার সঙ্গে কথা বললেন তিনি।
হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি এক বিবৃতিতে বলেছেন, রাশিয়া যদি ফের ইউক্রেনে আক্রমণ চালায় তাহলে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র ও অংশীদাররা সুস্পষ্ট প্রতিক্রিয়া জানাবে। প্রেসিডেন্ট বাইডেন এই বিষয়টি স্পষ্ট করেছেন।
হোয়াইট হাউস জানিয়েছে, বাইডেন এবং জেলেনস্কি সংকট মোকাবেলায় আসন্ন সিরিজ কূটনৈতিক বৈঠকের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন।
টুইটারে দেওয়া পোস্টে ভলোদমির জেলেনস্কি বলেন, তারা ইউরোপে শান্তি বজায় রাখতে এবং আরও উত্তেজনা রোধে যৌথ পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন।
তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বছরের প্রথম আলোচনা দুই দেশের সম্পর্কের বিশেষ প্রকৃতি প্রমাণ করে। ফোনালাপে ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপে শান্তি বজায় রাখতে অংশীদারদের যৌথ পদক্ষেপ, আরও উত্তেজনা মোকাবিলা, সংস্কার নিয়ে আলোচনা হয়েছে।
আগামী ৯ ও ১০ জানুয়ারি জেনেভায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিদের বৈঠকের কথা রয়েছে। পরে রাশিয়া-ন্যাটো কাউন্সিলের আলোচনা অনুষ্ঠিত হবে। ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থারও একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাইডেন বলেছেন, তিনি পুতিনকে জানিয়েছেন জেনেভার বৈঠকের আগেই রাশিয়ার পক্ষ থেকে সংকট কমানোর জন্য পদক্ষেপ নেওয়া জরুরি।








