যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোতে নৌবাহিনীর মেডিক্যাল সেন্টারে গুলি বর্ষণের ঘটনাকে মিথ্যা বলে অভিহিত করা হয়েছে। মঙ্গলবার মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে এই দাবি করা হয়েছে।
এর আগে খবর প্রকাশিত হয় যে, মঙ্গলবার সকালে সান ডিয়েগো মেডিক্যাল সেন্টারের ২৬ নম্বর ভবনে কে বা কারা গুলি বর্ষণ করেছে। ওই ঘটনায় আশপাশের তিনটি স্কুল বন্ধ হয়ে যাওয়ার খবরও প্রকাশ করা হয়।
পরে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনা তদন্ত করে দেখা গেছে, নৌবাহিনীর মেডিক্যাল সেন্টারে গুলিবর্ষণের কোনও ঘটনা ঘটেনি।
নৌবাহিনীর ক্যাপ্টেন কার্ট জোনস জানান, মঙ্গলবার সকালের দিকে গুলি বর্ষণের সতর্ক সঙ্কেত বাজানো পর ৭৮ একরের ওই কম্পাউন্ডে তল্লাশি চালানো শুরু হয়। কিন্তু তল্লাশি চালিয়ে গুলি বর্ষণের পক্ষে জোরালো প্রমাণ পাওয়া যায়নি।
নৌ বাহিনীর মুখপাত্র কেভিন ডিক্সন জানান, সকাল ৮টার সময় ২৬ নম্বর ভবনের বেইজমেন্ট তিনটি গুলির শব্দ শোনা যায়। গুলির শব্দের পর সেনা ও স্থানীয় পুলিশ দ্রুত তৎপর হয়ে ওঠে এবং তল্লাশি শুরু করেন। এসময় ওই ভবনের আশপাশের পথচারী ও গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
প্রাথমিক তল্লাশির পর কোনও আহতের খবর পাওয়া যায়নি। তবে গুলি বর্ষণের খবর কে দিয়েছিল জোনস তার নাম প্রকাশ করেননি। শুধু এইটুকু বলেছেন, কেউ হয়তো গুলির মতো কিছু একটা শুনে তা গুলির শব্দ বলে চালিয়ে দেন। তদন্দকারীরা ওই ব্যক্তির সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছেন একজন সামরিক কর্মকর্তা।
/এমএসএম/আপ-এআর/








