চীনা হুমকি নিয়ে ফের সতর্ক করলো যুক্তরাষ্ট্র। রবিবার ইন্দোনেশিয়া সফরে গিয়ে এমন মন্তব্য করেন বাইডেন প্রশাসনের শীর্ষ সামরিক কর্মকর্তা মার্ক মিলি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এপি।
ইন্দো প্যাসিফিক অঞ্চলে সফরের অংশ হিসেবে রবিবার ইন্দোনেশিয়া পৌঁছান যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি। এ সময় তিনি বলেন, চীনা সামরিক বাহিনী গত পাঁচ বছরে আকাশ ও সমুদ্রপথে আরও বেশি আক্রমণাত্মক ও বিপজ্জনক হয়ে উঠেছে।
তিনি বলেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য অংশীদার বাহিনীর প্রতি চীনা বিমান এবং জাহাজের হস্তক্ষেপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
মার্ক মিলি বলেন, এটি এমন একটি অঞ্চল যেখানে চীন তাদের নিজস্ব উদ্দেশ্যে বাস্তবায়নের চেষ্টা করছে। তারা পুরো অঞ্চলে তাদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এর সম্ভাব্য যে পরিণতি দাঁড়ায় সেটি এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র ও অংশীদারদের স্বার্থের জন্য অনুকূল নয়। এটি উদ্বেগজনক।
এমন সময়ে মার্ক মিলি এসব কথা বললেন যার মাত্র দুই দিন আগেই চীন ও রাশিয়ার সামরিক সহযোগিতা ঘনিষ্ঠভাবে পর্যালোচনার কথা জানায় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র জাপান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী নবুয়ো কিশি এক বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক কৌশলগত প্রতিযোগিতার কেন্দ্রে রয়েছে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল।
জাপান সরকারের সাম্প্রতিক বার্ষিক প্রতিরক্ষা প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে রুশ আগ্রাসনের নেতিবাচক প্রভাব এশিয়াতেও ছড়াতে পারে। চীন ও তাইওয়ানের মধ্যে যা ঘটতে পারে সেটির নজির হতে পারে ইউক্রেনের যুদ্ধ।









