সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি মিলিশিয়াদের ওপর গোলা বর্ষণ করছে তুর্কি সেনারা। কুর্দিদের দখল করা এলাকার নিয়ন্ত্রণ ফিরে পেতে এই হামলা চালাচ্ছে তুরস্ক। এদিকে, যুক্তরাষ্ট্র কুর্দিদের ওপর হামলা বন্ধ রেখে আইএস-এর ওপর হামলায় মনোনিবেশ করতে আহ্বান জানিয়েছে তুরস্কের প্রতি।
বিবিসির খবরে বলা হয়েছে, তুর্কি সেনা সদস্যরা মেনাঘ বিমানঘাঁটি লক্ষ্য করে বিমান থেকে গোলা ছুঁড়ছে। সিরিয়ার বিদ্রোহীদের কাছ থেকে বৃহস্পতিবার এই বিমানঘাঁটি দখল করে নেয় কুর্দি মিলিশিয়ারা। এই গ্রুপটি ওয়াইপিজি নামে পরিচিত।
হামলার পর তুর্কি প্রধানমন্ত্রী আহমেত দাভুটুগলো টেলিভিশনে এক ভাষণে বলেন, ওয়াইপিজি ওই বিমানঘাঁটির নিয়ন্ত্রণ ছেড়ে না দিলে তাদের করুণ পরিণতি বরণ করতে হবে।
উল্লেখ্য, তুর্কির সীমান্তবর্তী শহর আজাজ এর দক্ষিণে মেনাঘ বিমানঘাঁটির অবস্থান। বিমানঘাঁটিটি কুর্দিদের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় ব্যাপক নিরাপত্তা সংকটে পড়েছে তুর্কি সরকার।
কুর্দিস্তান ওয়াকার্স পার্টির (পিকেকে) কুর্দি গেরিলাদের সঙ্গে সম্পর্ক রয়েছে ওয়াইপিজির। কয়েক দশকে ধরে এরা তুর্কি সেনাদের বিরুদ্ধে লড়াই করে আসছে।
তুর্কি প্রধানমন্ত্রীর অভিযোগ, আরব উপজাতি গোষ্ঠী ও তুর্কিদের ওপর হামলা চালাচ্ছে কুর্দি গেরিলারা। আর এই হামলাকে তিনি স্পষ্টত ‘যুদ্ধাপরাধ’ বলে উল্লেখ করেন।
মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র জন কিরবি, নতুন এলাকা দখল করে একটি অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ না নিতে ওয়াইপিজির প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তুরস্ক ও ওয়াইপিজি উভয়ের সাধারণ হুমকি হচ্ছে আইএস। তাই এখন সাধারণ শত্রুর বিরুদ্ধে হামলা অব্যাহত রাখতে হবে।
এমএসএম








