অসুস্থ জামাই ব্রেন স্টোকে আক্রান্ত। ভর্তি রয়েছেন পশ্চিমবঙ্গের নদিয়া জেলার রানাঘাটের একটি বেসরকারি হাসপাতালে। তাকে দেখতে এসে বাংলাদেশের ঝিনাইদহ জেলার বাসিন্দা বেলা রানি বিশ্বাসের সঙ্গে থাকা টাকা খোয়া গেল।
জানা গেছে, ওই বৃদ্ধা রানাঘাট স্টেশনে নামতেই বেলা রানি দেখেন তার কাছে থাকা সব টাকা উধাও। বাংলাদেশ থেকে একাই ভারতে এসেছিলেন তিনি। সম্বল ছিল কেবল ওই টাকা। টাকা খোয়া যাওয়ায় স্টেশন চত্বরেই কান্নায় ভেঙে পড়েন বছর ৭৫ বয়সী বৃদ্ধা। এরপরই স্থানীয় এক সাংবাদিকের তৎপরতায় রানাঘাট থানার দ্বারস্থ হন।
সাংবাদিক টোটো করে বৃদ্ধাকে পৌঁছে দেন রানাঘাট থানায়। সেখানে গিয়ে তিনি লিখিত অভিযোগ করেন।
বৃদ্ধা জানান, তার জামাই ব্রেনস্টোকে আক্রান্ত। রানাঘাটের এক বেসরকারি হাসপাতালে তার জামাই ভর্তি রয়েছেন। জামাইকে দেখতে তিনি একাই ভারতে এসেছিলেন। সঙ্গে ছিল নগদ প্রায় ১২ হাজার রুপি। বৃদ্ধার অভিযোগ, রানাঘাট স্টেশনে তিনি যখন নামতে যান এক যুবক তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। ওই যুবকই তার ব্যাগে থাকা ১২ হাজার রুপি হাতিয়ে নেয়।
ওই বৃদ্ধা রানাঘাট থানায় এলে পরেই তৎপর হয়ে ওঠে রানাঘাট থানার পুলিশ। লিখিত অভিযোগ করার সঙ্গে সঙ্গেই পুলিশ তদন্তে নামে। স্টেশন-সংলগ্ন এলাকায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার পর পুলিশ দেখতে পায় ট্রেন থেকে নেমেই ওই বৃদ্ধা অসহায়ভাবে কাঁদছেন। লিখিত অভিযোগের ভিত্তিতে সম্পন্ন ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।









