২৫ বছর বয়সে মারা গেলেন কে-পপ তারকা মুনবিন। সিউলের অ্যাপার্টমেন্ট থেকে বুধবার (১৯ এপ্রিল) রাতে তাকে অচেতন অবস্থায় পান তার ম্যানেজার। কোরিয়ার জনপ্রিয় অ্যাস্ট্রো ব্যান্ডের গায়ক ছিলেন তিনি। এই মৃত্যুকে আত্মহত্যা হিসেবে দেখছেন অনেকে।
মুনবিনের মৃত্যুতে শোক জানিয়েছে তার মিউজিক ব্যান্ড অ্যাস্ট্রো। পুলিশ বলছে, ধারনা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মৃত্যুর সঠিক কারণ জানতে অটোপসি টেস্ট করানো হচ্ছে।’
তার মিউজিক কোম্পানি ফ্যান্টাজিওর সদস্যরা বলছেন, ‘অপ্রত্যাশিতভাবে আমাদের ছেড়ে গিয়ে আকাশের তারা হয়ে গেছে মুনবিন।’
২০১৬ সালে অ্যাস্ট্রো ব্যান্ডে যোগ দেন মুনবিন। এর আগে শিশু শিল্পী ও মডেল হিসেবে কাজ করেন তিনি। ২০২০ সাল থেকে অ্যাস্ট্রো সদস্য সানহার সঙ্গে ডুয়েট গাওয়া শুরু করেন এই গায়ক। গত ৮ এপ্রিলও ব্যাংককে একসঙ্গে গেয়েছেন তারা। আগামী শনিবার ম্যাকাওতে পারফর্ম করার কথা ছিল এই জুটির।
ফ্যান্টাজিও জানায়, মুনবিনের জন্য শোক প্রকাশে সব অ্যাস্ট্রো তারকা বৃহস্পতিবার সিউলে ফিরবেন।
মুনবিনের বোন মুন সুয়াও একজন কে-পপ গায়িকা। সাক্ষাৎকারে পরস্পরের ওপর নির্ভরশীলতার কথা বলেছিলেন তারা।
উন্নত দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়ায় যুবকদের আত্মহত্যার হার সবচেয়ে বেশি। সামগ্রিকভাবে দেশটিতে আত্মহত্যার হার কমলেও তরুণদের আত্মহত্যার হার উর্ধ্বগামী।
সূত্র: বিবিসি









