আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়নের লড়াই থেকে সরে দাঁড়ালেন ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ। শনিবার নির্বাচনি প্রচারণা বন্ধের ঘোষণা দেন তিনি। মূলত সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের প্রাইমারিতে হারের প্রেক্ষিতেই তিনি এই সিদ্ধান্ত নেন।
রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ের অংশ হিসেবে গত শনিবার সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত প্রাথমিক ভোটে ডোনাল্ড ট্রাম্প জয়ী হন। অন্যদিকে সর্বাত্মক প্রচারণা ও সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেও এ অঙ্গরাজ্যে জেব বুশ ভোট পেয়েছেন মাত্র আট শতাংশ। এরপরেই নির্বাচনি প্রচারণা বন্ধের ঘোষণা দেন তিনি।
অঙ্গরাজ্যের রাজধানী কলম্বিয়ায় আবেগাক্রান্ত বুশ বলেন, ‘আইওয়া, নিউ হ্যাম্পশায়ার এবং সাউথ ক্যারোলাইনার লোকজন তাদের মতামত জানিয়েছেন। আমি তাদের সিদ্ধান্তের প্রতি গভীরভাবে শ্রদ্ধাশীল। আজ রাত থেকেই আমি আমার নির্বাচনি প্রচারণা বন্ধের ঘোষণা দিচ্ছি। আমি গর্বিত যে দেশকে ঐক্যবদ্ধ করতে আমরা কাজ করেছি।’
প্রাতিষ্ঠানিক রক্ষণশীলদের কাছে জনপ্রিয় এই মনোনয়নপ্রত্যাশীর পক্ষে তার ভাই সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও মা সাবেক ফার্স্টলেডি বারবারা বুশ প্রচারে নেমেছিলেন। সাউথ ক্যারোলাইনাতে বুশ পরিবারের জনপ্রিয়তার কথা বিবেচনা করে জেবের সম্ভাবনাও দেখছিলেন বিশ্লেষকরা। কিন্তু ভোটের ফল সেই হিসেব উল্টে দেয়।
রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশীরা নেভাদা অঙ্গরাজ্যের দলীয় ককাসে পরবর্তী লড়াইয়ে নামবেন। নেভাদায় রিপাবলিকান ককাস অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি। উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি আইওয়া অঙ্গরাজ্যে ককাসের মাধ্যমে শুরু হয় এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী মনোনয়নের লড়াই। সূত্র: বিবিসি, রয়টার্স।
/এনএস/এসএ/








