ভারতের বিস্তৃত রেল নেটওয়ার্কের পুরনো অবকাঠামো এবং দুর্বল রক্ষণাবেক্ষণের কারণে প্রায়শই দুর্ঘটনা ঘটছে। সবশেষ ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় দুই শতাধিক মৃত্যুর পর নতুন করে আলোচনায় এসেছে বিষয়টি।
শুক্রবারের ঘটনাটি ২০১৬ সালে উত্তর প্রদেশে ঘটা রেল দুর্ঘটনায় হতাহতকে ছাড়িয়ে গেছে। ওই দুর্ঘটনায় একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ১৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল।
২০২১ সালে ভারতজুড়ে প্রায় ১৮ হাজার রেল দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৬ হাজারেরও বেশি মানুষ।
ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস অনুসারে, বেশিরভাগ দুর্ঘটনা ঘটে ট্রেন থেকে পড়ে গিয়ে এবং ট্রেনে কাটা পড়ে। এমন দুর্ঘটনার হার ৬৭ দশমিক ৭ শতাংশ।
শুক্রবারের দুর্ঘটনাটি এমন সময়ে ঘটলো যখন ভারত পরিবহন খাতে বড় ধরনের বিনিয়োগ করছে। ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজধানী নয়াদিল্লিকে মুম্বাইয়ের আর্থিক কেন্দ্রের সঙ্গে সংযুক্তকারী এক হাজার ৩৮৬ কিলোমিটার (৮৬১মাইল) এক্সপ্রেসওয়ের প্রথম অংশের উদ্বোধন করেছিলেন।
ভারতের রেলওয়ে নেটওয়ার্ক কমানোর লক্ষ্যে ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরের নির্মাণ কাজও চলছে জোরেশোরে। এ ছাড়া চলতি বছরের শেষ দিকে জম্মু ও কাশ্মীর অঞ্চলে বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু (চেনাব) চালু করবে ভারত সরকার।
সূত্র: সিএনএন









