মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার ১১তম প্যাকেজে মনুষ্যবিহীন আকাশযান প্রস্তুতকারী চারটি ইরানি প্রতিষ্ঠানের ওপর বিধিনিষেধ আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ শুক্রবার ইউক্রেনে যুদ্ধের জন্য রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণা করে।
ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিল একটি বিবৃতিতে জানায়, বিদ্যমান ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞাগুলোকে আরও ফলপ্রসূ করার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে প্রতিবেশী ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। অভিযোগ আছে, অভিযানে ইরানের তৈরি শক্তিশালী ড্রোন ব্যবহার করছে মস্কো। তবে কিয়েভ ও পশ্চিমের এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান।
ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম প্রেস টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির যে চার কোম্পানিকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে সেগুলোর বিরুদ্ধে ড্রোন তৈরি করে তা রাশিয়াকে সরবরাহ করার অভিযোগ এনেছে ইউরোপিয়ান কাউন্সিল।
এই সিদ্ধান্তের সঙ্গে বিভিন্ন দেশের আরও ৮৭টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে ইইউ। বলা হয়েছে, সরাসরি রাশিয়ার সামরিক ও শিল্প প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সামগ্রী করছে এসব প্রতিষ্ঠান। এ কারণে এসব প্রতিষ্ঠানকে কঠোর রফতানি নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে।
সূত্র: ইরান ফ্রন্ট পেইজ









