মস্কোর দিকে আসা একটি এবং ইউক্রেন সীমান্তবর্তী একটি অঞ্চলে আসা দুটি ড্রোন ধ্বংস করার দাবি করেছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা কর্তৃপক্ষ। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন এ তথ্য নিশ্চিত করেছেন।
টেলিগ্রাম মেসেজিং অ্যাপে তিনি লেখেন, সোমবার ভোরে রাজধানীর দক্ষিণ-পূর্বে লিউবার্টসি জেলায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মস্কোর দিকে আসা একটি ড্রোন ধ্বংস করেছে।
এটি ইউক্রেনীয় কিনা তা উল্লেখ করেননি মস্কো মেয়র।
তিনি বলেন, ‘প্রাথমিক রিপোর্ট অনুযায়ী কোনও হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে রয়েছে।’
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে বিমান প্রতিরক্ষা বাহিনী একটি ড্রোন ধ্বংস করেছে। এই হামলার চেষ্টার জন্য কিয়েভকে দায়ী করেছে তারা।
এ ঘটনায় মস্কোর ডোমোডেডোভো এবং ভনুকোভো বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয় বলে জানিয়েছে রাষ্ট্র-চালিত তাস নিউজ এজেন্সি।
এদিকে ইউক্রেন সীমান্তবর্তী পশ্চিম ব্রায়ানস্ক অঞ্চলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা আরও দুটি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না তা বলা হয়নি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে মস্কো এবং অন্যান্য রাশিয়ান অঞ্চলগুলো ধারাবাহিক ইউক্রেনীয় ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
সূত্র: মস্কো টাইমস









