ইতালির রোমে ঐতিহাসিক কলোসিয়ামের চারপাশে ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় অতিষ্ঠ পর্যটকরা। প্রাচীন অ্যাম্ফিথিয়েটারের এলাকায় ইঁদুরের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করছেন অনেকে। যা নিয়ে রীতিমতো বিরক্ত সবাই। এরপরই ইঁদুর নিধনের উদ্যোগ নিয়েছে রোম কর্তৃপক্ষ। খবর রয়টার্সের
রোমের আবর্জনা সংগ্রহের প্রধান সাবরিনা আলফনসি অ্যাডনক্রোনোস নিউজ এজেন্সিকে বলেছেন, ইতালির অন্যতম দর্শনীয় পর্যটন স্থানের চারপাশে লোকজন যেন নিরাপদে ঘুরে বেড়াতে পারে তা নিশ্চিতে শুক্রবার রাতে ও শনিবার ভোরে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।
নগর কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, অভিযানটি আগামী সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে। ড্রেন ও যেখানে ইঁদুর বসবাস করে সেই স্থান পরিষ্কার করতে হবে। রোম এই বর্জ্য সমস্যা সমাধানের অনেক বছর ধরে কাজ করে যাচ্ছে। শহরটিতে প্রায় ৭০ লাখ ইঁদুর রয়েছে।
এই সমস্যার কারণ হিসেবে আলফনসি বলেছেন, গ্রীষ্মে এই শহরে পর্যটকদের ঢল নামে। তাপপ্রবাহ ও আবর্জনা বৃদ্ধি কারণে ইঁদুরের উপদ্রব বেড়ে যায়।
কলোসিয়ামে প্লাস্টিকের পানির বোতল, কোমল পানির ক্যান ও অন্যান্য ধ্বংসাবশেষের স্তূপ ও পরিচ্ছন্নতা কর্মীদের ছবি প্রকাশ করেছেন পর্যটকরা।
দুই হাজার বছর আগে নির্মিত কলোসিয়াম ছিল রোমান সাম্রাজ্যের বৃহত্তম অ্যাম্ফিথিয়েটার। এটি গ্ল্যাডিয়েটদের লড়াই, মৃত্যুদণ্ড ও পশু শিকারে ব্যবহৃত হতো।









