ইউক্রেনের পুর্বাঞ্চলীয় পোকরোভস্কে গত ২৪ ঘণ্টায় রুশ হামলা বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) ইউক্রেনীয় সেনাবাহিনী জানিয়েছে, গত সপ্তাহের মধ্যে রণক্ষেত্রে গতদিনে সর্বোচ্চ সংখ্যক লড়াই হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রণক্ষেত্রের নিয়মিত অগ্রগতির প্রতিবেদনে ইউক্রেনীয় সেনাবাহিনীর জেনারেল স্টাফ বলেছে, পোকরোভস্কে ৫২টি স্থানে লড়াই চলছে। বিগত সপ্তাহে হামলার সংখ্যা ছিল দিনে ২৮ থেকে ৪২টি।
সেনাবাহিনী আরও বলেছে, মূলত এই অঞ্চলের কেন্দ্রস্থল থেকে ২০ কিলোমিটার দূরে হ্রোদিভকা ও ঝেলান্নে গ্রাম এবং এর আশেপাশে গত ২৪ ঘণ্টায় আক্রমণ বেশি হয়েছিল।
রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের আকস্মিক অভিযান পরিচালনার মধ্যেই পূর্বাঞ্চলে রুশ হামলা বৃদ্ধি পেলো। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনীর মূল আক্রমণকে দূর্বল করতে কুরস্ক অভিযান পরিচালনা করা হচ্ছে বলে কিছু বিশ্লেষক মত দিয়েছেন।
ইউক্রেনীয় সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, ১ হাজার কিলোমিটার দীর্ঘ রণক্ষেত্রের চলমান লড়াইয়ের এক-তৃতীয়াংশ হচ্ছে পোকরোভস্কে।
রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর আগে আগস্টের শুরুতে হামলা বৃদ্ধি পাওয়ার কথা বলেছিল ইউক্রেন।
রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক হামলা করে। দুই বছরের বেশি সময় ধরে চলমান যুদ্ধে দেশটির ১৮ শতাংশ ভূখণ্ড মস্কো দখল করেছে। কুরস্ক অভিযানের আগ পর্যন্ত রাশিয়ার কাছে ইউক্রেন ক্রমাগত ভূমির দখল হারাচ্ছিল।








