সশস্ত্র সুন্নিপন্থী সংগঠন আইএসের ফাঁস হওয়া নথিতে ২২ হাজার যোদ্ধার নামের তালিকায় প্যারিসের তিন সন্দেহভাজন হামলাকারীর নামও রয়েছে। জার্মান সংবাদমাধ্যমের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও গার্ডিয়ান খবরটি নিশ্চিত করেছে। সম্প্রতি আইএস এর একজন সাবেক সদস্য সংগঠনটির শত শত গোপন নথি জার্মানি, যুক্তরাজ্য এবং সিরিয়ার সরকারবিরোধী মিডিয়ার কাছে ফাঁস করেন।
জার্মান সংবাদমাধ্যমের খবরে বলা হয়, প্যারিসের বাতাক্লঁ থিয়েটারে ইগলস অফ দ্য ডেথের একটি কনসার্ট চলাকালে হামলার ঘটনায় সন্দেহভাজন হামলাকারী সামি আমিমুর, ফাউয়েদ মোহাম্মেদ আজ্জাদ এবং ওমার ইসমাইল মোস্তেফাই-এর নাম রয়েছে আইএসের ফাঁস হওয়া নথিতে। উল্লেখ্য, গত নভেম্বরে হওয়া ওই হামলায় ৯০ জন প্রাণ হারান। জার্মান সংবাদমাধ্যম ডব্লিউডিআর-এর খবর অনুযায়ী, ওই তিন সন্দেহভাজন ২০১৩-২০১৪ সালের মাঝামাঝি সময়ে আইএসে যোগ দিয়েছেন।
৪০টি দেশের প্রায় ২২ হাজার সদস্যের পরিচয় সম্বলিত ওই নথি কাতার ভিত্তিক সিরিয় একটি ওয়েবসাইটে আরবী ভাষায় প্রথম প্রকাশ করা হয়েছিল। পরে তা জার্মানি ও যুক্তরাজ্যের বেশ কিছু গণমাধ্যমের হাতে আসে। ফাঁস হওয়া নথির মধ্যে রয়েছে নতুন সদস্য নিয়োগের সময় যেসব তথ্য সংগ্রহ করা হতো তেমন একটি প্রশ্নপত্র।
ওই দলিলে আইএস সদস্যদের প্রত্যেকের নাম, ঠিকানা, ফোন নম্বর, পারিবারিক তথ্য, রক্তের গ্রুপ ইত্যাদি সহ ২৩টি করে তথ্য রয়েছে। ফক্স নিউজ জানিয়েছে,সম্প্রতি ফ্রি সিরিয়ান আর্মির এক কমান্ডার আইএসে যুক্ত হন, যিনি পরে আইএস থেকে বেরিয়ে আসেন এবং আইএসের অভ্যন্তরীণ পুলিশের তথ্যভাণ্ডার থেকে ওইসব তথ্য চুরি করেন।
জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী থমাস দি মেইজিয়ের বলেন,‘এই তথ্যগুলো সন্ত্রাসী সংগঠনটির কাঠামো সম্পর্কে অবগত হওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।’ জার্মান ফেডারেল পুলিশের (বিকেএ) মুখপাত্র জানিয়েছেন, বিশেষজ্ঞরা ওই দলিলের সত্যতা নিশ্চিত করেছেন। সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান
/এফইউ/বিএ/








