চলতি বছরের আগস্ট মাসে বিশ্ব খাদ্য মূল্য সূচক সামান্য কমেছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) প্রকাশিত জাতিসংঘের তথ্যে এই বিষয়টি উঠে এসেছে। সূচক অনুসারে, চিনি, মাংস ও শস্যের দাম কমলেও দুগ্ধ ও উদ্ভিজ্জ তেলের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানায়, বিশ্বের খাদ্যপণ্যের মূল্যের সূচকটি আগস্টে ১২০.৭ পয়েন্টে নেমে এসেছে, যা জুলাই মাসে ১২১ পয়েন্ট ছিল।
এফএওর এই সূচকটি চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। ২০২২ সালের মার্চে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর ফেব্রুয়ারিতে সূচকটি রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর থেকে কমতে শুরু করে।
আগস্টের মূল্য সূচক এক বছর আগের তুলনায় ১ দশমিক ১ শতাংশ কম এবং ২০২২ সালের মার্চের সর্বোচ্চ থেকে ২৪ দশমিক ৭ শতাংশ কম।
একটি পৃথক প্রতিবেদনে এফএও জানায়, ২০২৪ সালে বৈশ্বিক শস্য উৎপাদনের পূর্বাভাস ২.৮ মিলিয়ন মেট্রিক টন কমিয়ে ২.৮৫১ বিলিয়ন টনে নামানো হয়েছে, যা গত বছরের উৎপাদনের প্রায় সমান। ইউরোপীয় ইউনিয়ন, মেক্সিকো ও ইউক্রেনে শুষ্ক ও গরম আবহাওয়ার কারণে মোটা শস্য উৎপাদনের সম্ভাবনা কমেছে।
২০২৪-২৫ সালে বৈশ্বিক শস্য ব্যবহারের পূর্বাভাস জুলাই থেকে ৪.৭ মিলিয়ন টন কমিয়ে ২.৮৫২ বিলিয়ন টন করা হয়েছে, যা ২০২৩-২৪ সালের তুলনায় ০.২% বেশি।
এফএও আরও জানিয়েছে, ২০২৫ সালে মৌসুম শেষে বৈশ্বিক শস্য মজুদের পূর্বাভাস ৪.৫ মিলিয়ন টন কমিয়ে ৮৯০ মিলিয়ন টন করা হয়েছে।









