রাশিয়াকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করার অভিযোগ অস্বীকার করেছে ইরান। দেশটির রেভ্যুলুশনারি গার্ডের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে সোমবার (৯ সেপ্টেম্বর) এ তথ্য দিয়েছে দেশটির গণমাধ্যম। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
কেন্দ্রীয় প্রধান কার্যালয়ের ডেপুটি কমান্ডার, ব্রিগেডিয়ার ফাজলোল্লাহ নোজারিকে উদ্ধৃত করে দেশটির লেবার নিউজ এজেন্সি জানিয়েছে, ‘রাশিয়াতে কোনও ক্ষেপণাস্ত্র প্রেরণ করা হয়নি। এসব অভিযোগের মাধ্যমে একরকম মনস্তাত্ত্বিক যুদ্ধ করা হচ্ছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ইরান কোনও পক্ষকেই সমর্থন দিচ্ছে না।’
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও দ্য ওয়াল স্ট্রিট জার্নাল অজ্ঞাত সূত্রের বরাতে গত সপ্তাহে দাবি করেছিল, রাশিয়াতে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে ইরান।
এই প্রতিবেদনের বিষয়ে প্রশ্ন করা হলে ক্রেমলিন জানিয়েছে, ইরানের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। রাষ্ট্রীয় সবক্ষেত্রেই সম্পর্ক উন্নয়নের আলোচনা বিদ্যমান রয়েছে দু’পক্ষের মধ্যে।
এদিকে, গত সপ্তাহে কিয়েভ দাবি করেছে, মস্কো ও তেহরানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা ইউক্রেন, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের জন্য হুমকিস্বরূপ। তাই, রাশিয়া ও ইরানের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির আহ্বান জানিয়েছে ইউক্রেন।
শুক্রবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানিয়েছে, রাশিয়াতে ইরান ক্ষেপণাস্ত্র প্রেরণ করলে তার পরিণতি হবে মারাত্মক। এতে ইউক্রেন যুদ্ধের তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া সর্বাত্মক অভিযান শুরু করে। তখন রুশ বাহিনীকে ‘শাহীদ ড্রোন’ সরবরাহ করে ইরান। এরপর থেকেই দু’দেশের সম্পর্ক উন্নত হতে থাকে।








