ইসরায়েল ও লেবাননের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। সোমবার (৩০ অক্টোবর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে ফোনালাপের পর এ কথা বলেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে ল্যামি বলেছেন, ‘লেবাননে ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ নিয়ে আমরা গণমাধ্যমে প্রতিবেদন দেখেছি।’ তার এই বক্তব্যের সময় লেবাননে পদাতিক বাহিনী পাঠানোর তোড়জোর করছিল তেল আবিব।
ল্যামির বক্তব্যের আগে, ওইদিনই ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের একজন মুখপাত্র ‘সব পক্ষকে ধৈর্য ধরার’ আহ্বান জানিয়েছেন।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ‘গত সপ্তাহে জাতিসংঘে আমাদের বক্তব্যের সঙ্গে আমরা উভয়েই (ল্যামি ও ব্লিঙ্কেন) একমত। সর্বোত্তম ভবিষ্যৎ পন্থা হলো তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকর করে রাজনৈতিক সমাধানের চেষ্টা করা।’
লেবাননে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের সে স্থান ত্যাগের পরামর্শ দিয়েছিল ব্রিটিশ সরকার। এই পরামর্শ পুনর্ব্যক্ত করে ল্যামি বলেছেন, ‘আমরা আগামীকালের বাণিজ্যিক ফ্লাইটে বেশকিছু আসন সংরক্ষণ করেছি যেন ব্রিটিশ নাগরিকরা বেরিয়ে আসতে পারেন। স্থল পরিস্থিতি খুব দ্রুতই উদ্বেগজনকভাবে মোড় নিচ্ছে। তাই অনুরোধ করব, আপনারা দ্রুত লেবানন ত্যাগ করুন।’








